এবার দশম ধবলধোলাই?
জিতলেই প্রতিপক্ষ ধবলধোলাই। এই সমীকরণ নিয়ে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ কতবার হেরেছে?
একবারও নয়। গত নয় বছরে যতবার প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের সম্ভাবনা নিয়ে মাঠে নেমেছে, বাংলাদেশ ততবারই সফল হয়েছে। তাহলে কি এবার পাকিস্তানও?
পাকিস্তানকে দ্বিতীয়বার হারাতে অপেক্ষা করতে হয়েছিল ৫৮০০ দিন। তৃতীয় জয়টা তার দুই দিন পরই। আর এই দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত। আগামীকাল তৃতীয় ম্যাচটিও জিতে গেলে দশমবারের মতো প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের স্বাদ পাবে বাংলাদেশ। ওয়ানডেতে অসংখ্যবার ধবলধোলাইয়ের শিকার হওয়া বাংলাদেশ প্রথম ধবলধোলাই করে কেনিয়াকে, ২০০৬ সালে। একসময়ের প্রবল প্রতিদ্বন্দ্বীদের নিয়ে বাংলাদেশ ছেলেখেলাই করেছিল চার ম্যাচের সিরিজে। ১৩১ রান, ৯ উইকেট ও ২০ রানে প্রথম তিনটি ম্যাচ জেতার পর ফতুল্লায় শেষ ম্যাচটা ৭ উইকেটে জিতেছিল হাবিবুল বাশারের দল।
মাস পাঁচেক পর ফিরতি সফরেও কেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজ জেতে বাংলাদেশ। ওয়ানডেতে কেনিয়ার সঙ্গে বাংলাদেশ সর্বশেষ খেলেছে ওই সিরিজেই। দেশের বাইরে বাংলাদেশ সিরিজের সবগুলো ম্যাচ জিতেছে আর একবারই—২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে।
কেনিয়া ছাড়াও বাংলাদেশ দুবার করে ধবলধোলাই করেছে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে। জিম্বাবুয়েকে ২০০৬ ও ২০১৪ সালে এবং নিউজিল্যান্ডকে ২০১০ ও ২০১৩ সালে। জিম্বাবুয়ে দুবারই হেরেছে পাঁচ ম্যাচের সিরিজে। এ ছাড়া স্কটল্যান্ড (২০০৬) ও আয়ারল্যান্ডকেও (২০০৮) একবার করে ধবলধোলাই করেছে বাংলাদেশ।