এবার নাঈমের ডাবল সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
নাঈম পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

কাল ১৯তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনেই বেশ কিছু সুখবর পেয়েছিলেন নাঈম ইসলাম। অপরাজিত ১২০ রান করার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান পুরো করেছেন। করেছেন জাতীয় লিগে সর্বোচ্চ ১৭ সেঞ্চুরির রেকর্ড। নাঈম আজ পেলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। 

নাঈমের ডাবল সেঞ্চুরিতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে রানের পাহাড় গড়েছে রংপুর। দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। তাইবুর রহমানের বলে শুভাগত হোমের ক্যাচ হওয়ার আগে নাঈম করেছেন ২১৬ রান। তিন অঙ্ক ছুঁয়েছেন আরিফুল হকও। নাঈম-আরিফুলের ১৮৩ রানের ষষ্ঠ উইকেট জুটির সৌজন্যে আজও ঢাকার ওপর ছড়ি ঘুরিয়েছে রংপুর।
রাজশাহীতে বরিশালের বিপক্ষে রান উৎসব করেছে খুলনাও। আগের দিন ৫২ রানে অপরাজিত থাকা জিয়াউর রহমান আজ আহত হয়ে অবসর নেওয়ার আগে করেছেন ১৫২ রান। খুলনা ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৫১১ রান করে।