এবার নিষিদ্ধ হাফিজ

তিন মাসের ব্যবধানে আবারও পাকিস্তান ক্রিকেটে দুঃসংবাদ। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে গত সেপ্টেম্বরে নিষিদ্ধ হয়েছিলেন সাঈদ আজমল। আজমলের নিষেধাজ্ঞার ঘানি টানতে টানতেই একই অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার অধিকার হারালের মোহাম্মদ হাফিজ। বোলিং অ্যাকশন শোধরানোর আগ পর্যন্ত কেবল ব্যাটসম্যান হয়েই থাকতে হচ্ছে তাঁকে।
ব্যাটসম্যান হয়ে তিনি থাকতেই পারেন। ব্যাটসম্যান হিসেবে বেশ শক্তপোক্ত এক পরিচিতিই আছে তাঁর। বিশ্বকাপে প্রাথমিক দলে আছেন তিনি। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেই তিনি সেই তালিকায় অন্তর্ভুক্ত। মজার ব্যাপার হচ্ছে, বিশ্বকাপের প্রাথমিক দলে রাখা হয়েছে সাঈদ আজমলকেও। বোধ হয় তাঁর ফেরার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের নির্বাচকেরা।
গত মাসে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেন ম্যাচ অফিশিয়ালরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হাফিজকে আইসিসি অনুমোদিত গবেষণাগারে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা করাতে হয়। গত ২৪ নভেম্বর ইংল্যান্ডের লাফবরোতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে দেওয়া পরীক্ষায় উতরে যেতে পারেননি ‘দ্য প্রফেসর’।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, স্বাধীন বিশ্লেষণে প্রমাণিত হয়েছে পাকিস্তানের হাফিজের বোলিং অ্যাকশন অবৈধ। আন্তর্জাতিক ক্রিকেটে এ অফস্পিনারের বোলিং নিষিদ্ধ করা হয়েছে। গবেষণাগারের বিশ্লেষণ জানাচ্ছে, ডেলিভারির সময় হাফিজের কনুই বাঁকা হয় বৈধ ১৫ ডিগ্রির চেয়ে অনেক বেশি। নিয়ম মেনে বোলিং অ্যাকশন শুধরে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন তিনি।
১৪৯ ওয়ানডেতে ১২২ উইকেট নেওয়া হাফিজের আগে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। আজমলের পাশাপাশি এ তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার সচিত্রা সেনানায়েকে, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া ও বাংলাদেশের সোহাগ গাজী। তবে ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছেন আল-আমিন হোসেন। অভিযুক্ত হওয়ার পরও বায়ো-মেকানিক্যাল পরীক্ষায় উতরে গেছেন বাংলাদেশের এ পেসার।
হাফিজের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল ২০০৫ সালেও। সেবার উতরে গিয়েছিলেন। এরপর গত অক্টোবরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে আবারও প্রশ্ন ওঠে অ্যাকশন নিয়ে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে। গত মাসে অভিযুক্ত হওয়ার পর এ অলরাউন্ডার বলেছিলেন, ‘আমি গত ১১ বছর একইভাবে বল করছি। আমার অ্যাকশন নিয়ে কীভাবে সন্দেহ তৈরি হয়—এটা ভেবে অবাকই হচ্ছি।’ এএফপি, পিটিআই।