এবার পারলেন না স্যামুয়েলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ত্রিদেশীয় সিরিজেই আগের ম্যাচে ৯২ রান করে জিতিয়েছিলেন দলকে। পরশু একই প্রতিপক্ষকে সামনে পেয়ে মারলন স্যামুয়েলস করলেন ১২৫ রান। আগের ম্যাচের মতো এবারও ম্যাচসেরা ক্যারিবীয় এই ব্যাটসম্যান। কিন্তু এবার আর জেতাতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজকে। ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া উঠে গেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।
হারলেই বিদায়—এমন পরিস্থিতিতেই কেনসিংটন ওভালে নিজেদের মেলে ধরল অস্ট্রেলিয়া। কোনো সেঞ্চুরি নেই, তবু অনায়াসেই টপকে গেল ওয়েস্ট ইন্ডিজের ২৮২ রান। দলীয় ৩৫ রানে দুই ওপেনার খাজা ও ফিঞ্চ ফিরে গেলে দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক স্মিথ (৭৮)। পরে তাঁর সঙ্গে যোগ দেন মিচেল মার্শ (৭৯*)। চতুর্থ উইকেটে দুজনের ১২২ রানের জুটি এবং শেষ দিকে ম্যাক্সওয়েলের ২৬ বলে ৪৬ রান ৮ বল হাতে রেখেই জয়ের তীরে পৌঁছে দেয় অস্ট্রেলিয়াকে।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসটি ছিল স্যামুয়েলস ও দিনেশ রামদিনের ব্যাটিং প্রদর্শনী। ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর দুজনে যোগ করেন ১৯২ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে ক্যারিবীয়দের সর্বোচ্চ জুটি। ৯২ বলে ৯১ করে রামদিন আউট হয়ে গেলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন স্যামুয়েলস, ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৪টি চার ও ২টি ছয়ে ১৩৪ বলে করেছেন ১২৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
অস্ট্রেলিয়া ফাইনালে ওঠায় আগামীকালের গ্রুপ পর্বের ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার জন্য সেমিফাইনালের রূপ নিয়েছে। এই ম্যাচের জয়ীরাই রোববার ফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। ক্রিকইনফো।