এবার বরফ-ক্রিকেট!

কিছুদিন আগে হয়ে গেল টি-১০। ১০ ওভারের ধরো তক্তা মারো পেরেক টাইপ খেলা আরকি। টেস্ট ক্রিকেটটাও এখন চার দিনে করার তোড়জোড় চলছে। মরুর বুকে ক্রিকেট তো সেই কবে থেকেই হয়। এবার ক্রিকেট চলে গেল বরফঢাকা পাহাড়েও!
পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলে পরিচিত সুইজারল্যান্ড। যেখানে ফুটবলের চাষটাই বেশি। ফুটবলের বাইরে সবচেয়ে চলে আইস হকি। কিন্তু সেখানেও এবার পতাকা ওড়াতে চাইছে ২২ গজি উইকেটের খেলা। নামটাও বাহারি, আইস ক্রিকেট! ৮-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সেন্ট মরিৎজ আইস ক্রিকেটে খেলবেন শহীদ আফ্রিদি, গ্রায়েম স্মিথ, বীরেন্দর শেবাগের মতো তারকারা!
সুইজারল্যান্ডে এই খেলায় থাকবে আরও কিছু বড় বড় নাম। মোহাম্মদ কাইফ, শোয়েব আখতার, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, জ্যাক ক্যালিস, মাইক হাসি, ড্যানিয়েল ভেট্টোরি, নাথান ম্যাককালাম, গ্র্যান্ট এলিয়ট, মন্টি প্যানেসার, ওয়াইস শাহ।
প্রায় দুই বছর পরে খেলায় ফিরবেন স্মিথ। সর্বশেষ ২০১৬ সালে খেলেছেন মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক বলেছেন, ‘এই খেলার সঙ্গে যুক্ত হতে পেরে আসলেই ভালো লাগছে। আশা করি ভালো কিছুই হবে।’
আয়োজক ভিজে স্পোর্টস জানিয়েছে, এই ক্রিকেটের অনুমোদন দিয়েছে আইসিসি। বরফের দেশ, খেলার সময় মাইনাস ২০ ডিগ্রিও থাকতে পারে তাপমাত্রা। চারদিকে সাদা বরফের ছড়াছড়ি বলেই হয়তো লাল বলে হবে খেলা। আর উইকেট হবে ম্যাটের। বরফ উপযোগী পোশাক আর পাদুকাও থাকবে ক্রিকেটারদের পরনে।
দেখা যাক, বরফের দেশের ক্রিকেটটা আইসক্রিমের মতো সুস্বাদু হয় কি না!