এবার বাগেরহাটের মানুষের জন্য রুবেলের থার্মাল স্ক্যানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ জেলার মানুষদের জন্য এগিয়ে এলেন রুবেল। ছবি : রুবেলের ফেসবুক পেইজ
নিজ জেলার মানুষদের জন্য এগিয়ে এলেন রুবেল। ছবি : রুবেলের ফেসবুক পেইজ

করোনার এ দুঃসময়ে ক্রীড়া জগতের তারকাদের অনেকেই যে যার সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। গতকাল নিজ জেলা বগুড়ার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দিয়েছেন মুশফিকুর রহিম। গতকালই বাগেরহাটের মানুষের জন্য এগিয়ে এলেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। তিনি সেখানকার মানুষদের জন্য ২০টি থার্মাল স্ক্যানার দিয়েছেন।

বুধবার বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুল রশীদের কাছে এই থার্মাল স্ক্যানার হস্তান্তর করা হয়েছে। এ সময় পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই থার্মাল স্ক্যানার বিভিন্ন অফিস-আদালত ও জনসমাগম প্রবণ জায়গায় ব্যবহার করা হবে। রুবেলের দেওয়া স্ক্যানারগুলোর মধ্যে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে ৮টি, পুলিশ প্রশাসনকে ৬টি, জেলা প্রশাসনকে ৩টি, সদর উপজেলা পরিষদকে ২টি ও বাগেরহাট পৌরসভাকে ২টি করে দেওয়া হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হ‌ুমায়ূন কবির বলেন, ‘থার্মাল স্ক্যানার একটি আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এটি পেয়ে বাগেরহাটের সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে। শরীরের তাপমাত্রা নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য যন্ত্র এটি।’

রুবেল বাগেরহাটের মানুষের কাজ করতে পারছেন বলেই সন্তুষ্ট, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে তাদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচ্য বিষয়। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রথমে যাতে শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারে সে জন্য এগুলো দেওয়া।
করোনার এই সময়ে সবাই বিপর্যস্ত। ঝুঁকির মধ্যে রয়েছে বাগেরহাটও। জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি আমার ক্ষুদ্র প্রয়াস।’