এবার বাসা উপহার পেলেন ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন ভাবেই সাজানো একটি আবাস স্থল উপহার পাচ্ছেন ধোনি। ফাইল ছবি
এমন ভাবেই সাজানো একটি আবাস স্থল উপহার পাচ্ছেন ধোনি। ফাইল ছবি

খেলোয়াড়ি জীবনে অনেক কিছুই পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের দুই সংস্করণের দুই বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়নস ট্রফি আর অবশ্যই এক শ কোটিরও বেশি মানুষের ভালোবাসা। তবে নতুন করে যা পেলেন সেটা একটু ব্যতিক্রম। দেশের জন্য অবদান রাখায় একটি অ্যাপার্টমেন্ট উপহার পেয়েছেন ধোনি।

ভারতের সাবেক অধিনায়ককে এই উপহার দিয়েছেন রাকেশ কাপুর। ধোনির বিরাট ভক্ত কাপুর আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এলান গ্রুপের সভাপতি। দিল্লির গুরু গ্রামে এলানের নতুন প্রকল্প ‘এলান মিরাকলের’ একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ধোনিকে উপহার দিচ্ছেন তিনি। কারণটা শুনে নিন কাপুরের কাছ থেকেই, ‘ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের ধারে কাছে নেই কেউ। আশা করি আরও অনেক বছর তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবেন তিনি।’ ১ হাজার বর্গ ফুটের এই বাসার বর্তমান বাজারমূল্য দেড় কোটি রুপি।
শুধু ধোনিকে অ্যাপার্টমেন্ট উপহার দিয়েই শেষ নয়। এলান মিরাকলের পুরো একটি তলা তৈরি হবে ক্রিকেটকে থিম বানিয়ে। তবে এর কতটা ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে আর কতটা বাণিজ্যিক উদ্দেশ্যে—সন্দেহবাতিকেরা এ নিয়েও প্রশ্ন তুলছেন। সূত্র: পিটিআই।