এবার বিপিএলের চট্টগ্রাম পর্ব
গত মাসে আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল উৎসবে মেতেছিল চট্টগ্রাম। দর্শক-খরায় ভুগতে থাকা ফুটবলকে জাগিয়ে তোলার আয়োজনটি সফলই হয়েছে। ফুটবলে কল্লোলিত ছিল এমএ আজিজ স্টেডিয়াম। এখানেই বিপিএলের শেষ আসরটিও এমন দর্শক দেখেছিল।
চট্টগ্রামে কাল থেকে আবার বসছে বিপিএলের আসর। তবে শহরের কেন্দ্রের পুরোনো মাঠে নয়, সাগরিকার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। শহরের এক প্রান্তের এই স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর দর্শক পায়। কিন্তু বিপিএলের মতো টি-টোয়েন্টি কতটা দর্শক টানবে, সেটি নিয়ে ভাবছেন আয়োজকেরাও। ঢাকায় উদ্বোধনী পর্বে বেশি দর্শক না হওয়ার বিষয়টি উসকে দিচ্ছে এই ভাবনা।
তবে ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান ওসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন, ‘চট্টগ্রামে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। আশা করি এখানে দর্শকপূর্ণ ম্যাচ হবে প্রতিদিন। কারণ টিকিটের চাহিদা আছে।’
গতকাল থেকে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, এমএ আজিজ স্টেডিয়াম, থিয়েটার ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিপিএলের টিকিট বিক্রি। প্রথম দিনে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানা গেছে। চট্টগ্রামের ম্যাচের দিনে টিকিটের চাহিদা স্বভাবতই বেশি।
আগামীকাল সোমবার চট্টগ্রাম ভাইকিংস ও বরিশাল বুলসের ম্যাচ দিয়ে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। এরই মধ্যে ছয়টি দলই এসে গেছে চট্টগ্রামে। অনুশীলনও করছে সবগুলো দল। দলগুলোর ঠিকানা পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু।
চট্টগ্রামের ম্যাচে দর্শক হবে সেটি হয়তো আগাম বলেই দেওয়া যায়। তবে ২ ডিসেম্বর সিলেটের বিপক্ষে চট্টগ্রামের ম্যাচটি সৃষ্টি করতে পারে বাড়তি উন্মাদনা এবং উত্তেজনা। তামিম ইকবালের সঙ্গে সিলেট দলের কর্মকর্তার দুর্ব্যবহারের প্রতিবাদে ইতিমধ্যে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এতে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয় সিলেট দলের মালিককে। তবে বিসিবি তদন্তপ্রক্রিয়া শুরু করায় ওই ঘোষণা তুলে নেওয়া হয় বলে জানান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর।