মেলবোর্নে বিশ্বকাপের ট্রফিটা তুলে ধরে যখন ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন, তিনিই ছিলেন অস্ট্রেলিয়ানদের নায়ক। মাস চারেকের মধ্যে কী নির্মমভাবেই না সব বদলে গেল! ট্রেন্ট ব্রিজে হেরে ছাইদানি ইংল্যান্ডে রেখে যাওয়াটা নিশ্চিত হওয়ার পর যখন ক্রিকেটকে বিদায় বললেন, সেই মাইকেল ক্লার্কই হয়ে গেলেন ‘খলনায়ক’! বাইশ গজের পারফরম্যান্স, জনমত, সংবাদমাধ্যম—সব তাঁর বিপক্ষে। ব্যাট-প্যাড চিরদিনের জন্য তুলে রাখার ঘোষণা দিয়েও রেহাই মিলছে না। দলে অন্তর্দ্বন্দ্ব আর সতীর্থদের সঙ্গে মেলামেশা না করার অভিযোগ উঠেছিল আগেই। এবার ক্লার্কের দিকে তির ছুড়েছেন তাঁর সাবেক সতীর্থ ম্যাথু হেইডেন ও সাবেক কোচ জন বুকানন। দুজনেরই দাবি, অস্ট্রেলিয়া দলের ঐতিহ্যবাহী ‘ব্যাগি গ্রিন সংস্কৃতি’ মলিন হয়ে গেছে ক্লার্কের সময়ে। আরেক সাবেক সতীর্থ অ্যান্ড্রু সাইমন্ডস দাবি করছেন, সহজাত নেতৃত্ব গুণই ছিল না ক্লার্কের!
ফক্স স্পোর্টসের একটি ক্রিকেট শোতে সাইমন্ডস বলেছেন, ‘আমার মতে, ক্লার্ক সহজাত নেতা নয়, যেটা আমরা আগের অধিনায়কদের ক্ষেত্রে দেখেছি। স্টিভ ওয়াহ কিংবা পন্টিং কিছু বললে চোখ বুজে তা মেনে নেওয়া খুব সহজ ছিল। তাঁরা এমন অধিনায়ক ছিলেন যে ওঁদের বেশি কথা বলার দরকারই হতো না।’
সাইমন্ডসের কথাটা অভিযোগ নয়, স্রেফ নিজের মত। তবে ক্লার্কের বিরুদ্ধে একটা বড় অভিযোগই তুলেছেন হেইডেন। ট্রিপল এম রেডিওকে সেই ঘটনাটিও বলেছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার, ‘আমি সেই দিনটির কথা কখনো ভুলব না, যেদিন মাথার চোটের কারণে জাস্টিন ল্যাঙ্গার শর্ট লেগে ফিল্ডিং করতে পারেনি। ওই জায়গায় ফিল্ডিং করতে আমাদের একজনকে দরকার ছিল এবং সাধারণত এই কাজটা করে দলের সবচেয়ে তরুণ খেলোয়াড়টি। কিন্তু ক্লার্ক বলল—যদি আমাকে ওই জায়গায় ফিল্ডিং করতে হয়, আমি আমার ব্যাগি গ্রিন ক্যাপ ফেরত দিয়ে দেব।’
হেইডেনের সুরের প্রতিধ্বনি জন বুকাননের কণ্ঠে। ক্লার্কের ক্যারিয়ারের প্রথম চার বছর অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে থাকা বুকানন বলেছেন, ‘স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং ও অন্যরা আসলেই চেয়েছিল ব্যাগি গ্রিন সংস্কৃতিটাকে বিশেষ করে তুলতে। এটা হুমকির মুখে পড়েছে বলে একটা অনুভব হচ্ছিল আমার। ক্লার্কের নেতৃত্বের সময় তা কিছুটা হারিয়েই গেল। যে কারণে আমি খুব হতাশ।’ নিজের দাবিটা জোরালো করতে কিছু উদাহরণও টেনেছেন বুকানন, ‘আমার মনে আছে, হেইডেন-ল্যাঙ্গারের মতো খেলোয়াড়েরা এক কোনায় ওর সঙ্গে বসে ওকে বোঝাতে চাইছে, আমরা আসলে কী চাইছি। কখনো কখনো আমার মনে হতো ক্লার্ক সেটা বুঝছে না কিংবা বুঝতে চাইছে না।’ রয়টার্স।