এবার বড়দের চ্যালেঞ্জ জানাতে চান আকবররা

বিসিবির একাডেমি মাঠে বিকেলে দেড় ঘণ্টা ব্যাটিং অনুশীলন করলেন আকবর আলী। ব্যাটিংয়ের পর আধঘণ্টা বোলিংও অনুশীলন করলেন! আকবরের বোলিং অ্যাকশনটা অবশ্য বেশ মজার। আন্ডারআর্ম অ্যাকশনে বোলিং করছিলেন সতীর্থ ব্যাটসম্যান আমিনুল ইসলামকে। বোঝাই যাচ্ছিল শখের বশে বোলিং করছেন।
ম্যাচে তিনি সাধারণত বোলিং করেন না। আকবর খেলেন উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ভালো করেই জানেন এই ভূমিকাতেই এবার ঢাকা প্রিমিয়ার লিগ তাঁকে রাঙাতে হবে। আজ বিসিবি একাডেমি মাঠে তিনি তৈরি হচ্ছিলেন সে লক্ষ্যেই।
যুব বিশ্বকাপ জেতার পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে আকবরসহ ছয়জন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন। বিসিবি তাঁদের নিয়ে অনূর্ধ্ব-২১ দল করার যে চিন্তা করেছে, সেটি বাস্তবায়ন হতে এখনো দেরি। আপাতত আকবরদের সামনে ঢাকা প্রিমিয়ার লিগ, যেটির দলবদল শুরু কাল থেকে। অনূর্ধ্ব-১৯ দলের বেশির ভাগ ক্রিকেটারই পেয়েছেন ক্লাব। আকবর বলছেন, এবার বড়দের চ্যালেঞ্জ জানাতে তাঁরা তৈরি, ‘সিনিয়র ক্রিকেটে শুরু করতে যাচ্ছি আমরা। শুরুটা যদি ভালো করতে পারি, এটা আমাদের জন্য ইতিবাচক হতে পারে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের সবাই রোমাঞ্চিত।’
আকবরের অবশ্য গতবারই প্রিমিয়ার লিগ খেলেছেন বিকেএসপির হয়ে। তবে আনুষ্ঠানিক দলবদলের মাধ্যমে পছন্দের ক্লাব বেছে নেওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম হচ্ছে। আকবর এবার বেছে নিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স ক্লাবকে; যে দলে আছেন মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মেহেদী হাসানদের মতো বাংলাদেশ দলে খেলা ক্রিকেটাররা। এই প্রিমিয়ার লিগ আকবরের কাছে তাই ধরা দিচ্ছে অন্যভাবে, ‘অবশ্যই রোমাঞ্চিত যে সিনিয়রদের সঙ্গে খেলতে যাচ্ছি। তাঁদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারলে নানা দিক দিয়ে আমাদের আরও পরিণত করে তুলতে পারে। যেটা ভবিষ্যতে কাজে দেবে।’
ঢাকা প্রিমিয়ার লিগ এবার হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। দলবদল হবে ৩, ৪ ও ৫ মার্চ। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেহেতু সিলেটে; তামিম-মুশফিকদের দলবদল হবে ৫ মার্চ সিলেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে। প্রিমিয়ার লিগ শুরু ১৫ মার্চ, কক্সবাজার ও চট্টগ্রামে।