শুরুটা যেমন হয়েছিল তাতে পাকিস্তানের ব্যাটিংয়ে ‘ব্রিসবেন অনুপ্রেরণা’র ছাপ অবশ্যই ছিল। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর আগে পাকিস্তান অলআউট হয়েছিল ১৪২ রানে। বৃষ্টির উপদ্রবে দিনের খেলা হতে পারল মাত্র ৫০.৫ ওভার। এরই মধ্যে বক্সিং ডে টেস্টে ৪ উইকেট হারিয়ে ওই রানটা তুলে নিয়েছে মিসবাহ-উল-হকের দল!
মেলবোর্নে কাল পাকিস্তানের দিনটা আরও ভালো যেতে পারত। কিন্তু জ্যাকসন বার্ডের অসাধারণ দুটি বল আর নিক ম্যাডিসনের ভালো একটি ক্যাচ গল্পটাকে লিখল অন্যভাবে। ১৪ রানের ব্যবধানে আউট হন ইউনিস খান ও মিসবাহ। দুই ওপেনার সামি আসলাম আর বাবর আজম ফেরার পর আজহার আলীর সঙ্গে জুটিটা জমিয়ে তুলেছিলেন ইউনিস খান। কিন্তু বার্ডের একটি ইনসুইঙ্গারে ফিরে যেতে হয় তাঁকে। বোল্ড হওয়ার আগে তৃতীয় উইকেটে গড়েন ৫১ রানের জুটি।
বার্ডের মিসবাহকে ফেরানো বলটির চেয়েও ভালো ছিল ম্যাডিসনের নেওয়া ক্যাচ। বলটি মিসবাহর ব্যাটে লেগে স্কয়ারে যাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু দিক বদল করে প্যাডে লেগে। শর্ট লেগে দাঁড়ানো ম্যাডিসনকেও দিক বদল করতে হয়। কিন্তু বলটি ম্যাডিসনের একটু সামনে পড়ে যাওয়ার মুহূর্তে পাখির মতো ছোঁ মেরেই লুফে নেন।
পঞ্চম উইকেটে আজহারের সঙ্গে জুটি বাঁধেন আসাদ শফিক। ভালোই খেলছিলেন দুজন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। একটু আগেভাগেই তাই চা-বিরতিতে যেতে হয়। চা-বিরতির পরও বৃষ্টি আর না থামায় দিনের খেলার শেষ টেনে দেন আম্পায়াররা। শফিকের রান ৪। আর আজহার উইকেটে ছিলেন ৬৬ রান করে। ক্রিকইনফো।