এবার মন জিতে নিলেন স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুম বৃষ্টিতে ফুটবল খেলার পর স্টেইন। ছবি: সংগৃহীত
ঝুম বৃষ্টিতে ফুটবল খেলার পর স্টেইন। ছবি: সংগৃহীত

বিতর্কের জন্ম দিয়েছিলেন মাস দুয়েক আগে।
উইজডেন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে করার মতো আর যত বল বাকি আছে, সেগুলো বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অপচয় না করে বড় কোনো প্রতিযোগিতাতেই করতে চাইব আমি।’ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ কেন খেলবেন না—এমন প্রশ্নের জবাবে এ ধরনের মন্তব্য করেছিলেন এই প্রোটিয়া ফাস্ট বোলার।
স্বাভাবিকভাবেই স্টেইনের এমন মন্তব্যে চটেছিলেন বাংলাদেশের দর্শকেরা। বিতর্কের আগুনে ঘি ঢাললেন বাংলাদেশ আসার ঠিক আগে। আসার পথে বিমানের সিটে বসে আয়েশি ভঙ্গিতে দুই পা ছড়ানো একটি ছবি পোস্ট করে টুইট করেছিলেন স্টেইন। লিখেছিলেন, ‘ছুটি শেষ। এবার ঝাঁপিয়ে পড়তে হবে কাজে। শিগগিরই দেখা হচ্ছে বাংলাদেশ, চ্যালেঞ্জের অপেক্ষায় রইলাম।’ তা-ই নয়, টেস্টের আগে মাঠে, মাঠের বাইরে চোখে-মুখে যুদ্ধংদেহী মনোভাব ফুটিয়ে তুলছিলেন এ ফাস্ট বোলার। যেন মাঠে নেমেই গুঁড়িয়ে দেবেন বাংলাদেশকে!
সাম্প্রতিক সময়ে এমন নানা কর্মকাণ্ডে বাংলাদেশের দর্শকদের কাছে রীতিমতো ‘ভিলেনে’ই পরিণত হয়েছিলেন তিনি। সেই স্টেইন গতকাল দারুণভাবেই মন জয় করে নিলেন বাংলাদেশের মানুষের!
গতকাল শুক্রবার ঝুম বৃষ্টিতে তাঁর অলস সময় কাটছিল হোটেলে। খেলার তাড়া নেই, নেই অন্য কোনো কাজও। চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত। জানালা দিয়ে দেখলেন, হোটেলের পেছনে মসজিদ-সংলগ্ন চত্বরে ফুটবল খেলছে একদল কিশোর। ফালাবোরওয়ায় ফেলে আসা শৈশবের দিনগুলোর কথাই কি মনে পড়ে গেল স্টেইনের? জোহানেসবার্গ থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে ক্রুগার ন্যাশনাল পার্কের ঠিক পাশের ছোট্ট শহর ফালাবোরওয়েতেই তাঁর বেড়ে ওঠা। কৈশোরের দিনগুলোতে সেখানে কি এমনভাবেই মেতে উঠতেন ফুটবলে?

লোভটা শেষ অবধি সামলাতে পারলেন না। বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার, বড় তারকা, সিরিজ চলার সময়কার নিরাপত্তা-প্রটোকলের থোড়াই কেয়ার করে মিশে গেলেন কিশোরদের সঙ্গে। মেতে উঠলেন দুরন্তপনায়। বৃষ্টি গায়ে মেখেই চলল ফুটবল! খেলা শেষে সবার সঙ্গে আবার সেলফি-টেলফিও তোলা হলো। আর সব তারকা ফাস্ট বোলারের মতো তিনিও কিছুটা অহংকারী, অসম্ভব উদ্ধত। মুখিয়ে থাকেন ২২ গজে আগুন ঝরাতে! প্রতিপক্ষের ব্যাটসম্যানকে উড়িয়ে দিতে। কিন্তু তাঁর ভেতরেও যে আশ্চর্য সরল একটা ছেলেমানুষ বাস করে, সেটা কি জানা ছিল কারও?
ফুটবল খেলার ঘটনাটি আবার নিজেই পোস্ট করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ল চারদিকে। বাংলাদেশের দর্শকেরা সেটি গ্রহণ করলেন অপার আনন্দের সঙ্গেই। দুদিন আগেও যে স্টেইনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছিল তুমুল আলোচনা-সমালোচনা, তিনিই এখন ভাসছেন স্তুতি-বাক্যে। ফেসবুকে ক্রিকেট-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে স্টেইনের ফুটবল খেলার এ ভিডিও ছবি।
স্টেইন কেবল প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতেই জানেন না, জানেন মানুষের মন জয় করতেও।