এবার মুশফিক-মাহমুদউল্লাহর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিক-মাহমুদউল্লাহ যুগল কতদূর নেবে বাংলাদেশকে? ছবি: শামসুল হক
মুশফিক-মাহমুদউল্লাহ যুগল কতদূর নেবে বাংলাদেশকে? ছবি: শামসুল হক

মধ্যাহ্ন বিরতির আগে দুর্দান্ত খেলছিলেন মুমিনুল হক আর ইমরুল কায়েস। তামিম স্টেইনের ৪০০ তম শিকার হওয়ার পর থেকে দলকে ব্যাকফুটে রেখেই যাত্রা শুরু হয়েছিল এই জুটির। বিরতির আগে এই যুগলের ৬৩ রানে অবিচ্ছিন্ন থেকে বড় কিছুর স্বপ্নই দেখাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই স্বপ্ন-ভঙ্গ। জেপি ডুমিনি হন্তারক হয়ে এক ওভারের ব্যবধানে প্রথমে মুমিনুল এবং এর পরে ইমরুলকে সাজঘরে ফেরত পাঠালে বাংলাদেশ পড়ে যায় বিপর্যয়ের মুখেই।
সেই বিপর্যয় থেকেই দলকে তুলে আনার দায়িত্বটা এই মুহূর্তে পালন করছেন দুই ‘ভায়রা’ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। ডুমিনি-ঝড়ের পর এই দুজন জুটি বেধে স্কোরবোর্ডে তুলেছেন ৬৮ রান। এই জুটির ওপর ভর করেই চা-বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪।
তিনের একটু নিচে বাংলাদেশের রান তোলার গড়। কিন্তু তাতে কি, মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিম স্টেইন, মরকেল, হার্মার কিংবা ডুমিনিদের বলগুলোকে আস্থার সঙ্গেই মোকাবিলা করছেন এই দুই ব্যাটসম্যান। মুশফিকুর রহিম নিজের সংগ্রহকে নিয়ে গেছেন ৪২-এ। ৭২ বল মোকাবিলার মাঝে ৬টি দৃষ্টি নন্দন বাউন্ডারির মার আছে এতে। মুশফিকের তুলনায় নিজেকে একটু ধরেই খেলছেন মাহমুদউল্লাহ। ৬৫ বল মোকাবিলায় তাঁর সংগ্রহ ২৫ (২টি বাউন্ডারি)।
মুমিনুল কিংবা ইমরুল ভিত তৈরি করেও পারেননি, মুশফিক-মাহমুদউল্লাহ কী পারবেন নিজেদের ইনিংসকে অনেকটা পথ হাঁটিয়ে নিতে?