এবার রামদিন-ব্রাভোর কাছে হার

শেষ ওয়ানডের আগের দিন মজা করেই কথাটা বলেছিলেন বাংলাদেশ দলের এক পেসার। বলেছিলেন, ‘আমাদের নিয়ে আর লাভ কী! যে উইকেট, শুধু ব্যাটসম্যানরা খেললেই পারে।’
সব সম্ভাবনাকে সত্যি করে ওয়ার্নার পার্কের উইকেট পরশু আক্ষরিক অর্থেই শুধু ব্যাটসম্যানদের হয়ে গেল। বাংলাদেশের বোলাররা সেখানে ক্যারিবীয় ব্যাটসম্যানদের রান-উৎসবের উপলক্ষ মাত্র। তাও সব ক্যারিবীয় ব্যাটসম্যানের না। রান তো করলেন মাত্র দুজন—ড্যারেন ব্রাভো আর দিনেশ রামদিন! ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটে ৩৩৮, এই দুজন মিলেই ২৯৩। ৯১ রানে হারা ম্যাচটাতে বাংলাদেশের সবাই মিলেও ব্রাভো-রামদিনকে ছুঁতে পারলেন না। তবে ৮ উইকেটে ২৪৭ সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
মাত্র ১২ রানে দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়ে মাশরাফি বিন মুর্তজা ও আল আমিন শুরুটা এদিনও ভালো করেছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের নিয়তিই বুঝি এই—যত ভালো শুরুই হোক, হারতে হবে প্রতিপক্ষের যে কোনো এক জুটির কাছে। কাল তৃতীয় উইকেটে ২৫৮ রানের সেই জুটিটা দাঁড় করালেন ব্রাভো-রামদিন। প্রথম ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট হারানোর পরের ঝোড়ো জুটিতেও কাইরন পোলার্ডের সঙ্গে ছিলেন রামদিন। কাল ম্যান অব দ্য ম্যাচ আর ম্যান অব দ্য সিরিজ ট্রফির সঙ্গে তাঁর বাড়তি পাওয়া একগুচ্ছ রেকর্ড।
বাংলাদেশের ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি, তারা ৩৩৮ রান তাড়া করে জিততে চাচ্ছে। তবে হ্যাঁ, হারটাকে সম্মানজনক করার চেষ্টা ছিল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে ১৮ ম্যাচ পর তামিম ইকবালের ফিফটি (৫৫) আর অধিনায়ক মুশফিকুর রহিমের ৭২ রানের সৌজন্যে সম্ভবও হয়েছে তা। মাত্র ২ রানের মধ্যে এনামুল ও ইমরুল ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে ৯৯ রানের জুটি হয়েছে দুজনের। ওয়ানডে সিরিজ খারাপ গেছে মেনেও তাই কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রাপ্তির খাতায় একটা কিছু দেখাতে পারলেন মুশফিক, ‘প্রথম ওয়ানডেতে খুব ভালো সুযোগ ছিল। আমরা সেটা মিস করেছি। এনামুল খুব ভালো খেলেছিল। আল আমিনও তিনটি ম্যাচেই ভালো খেলেছে। অনেকগুলো উইকেট পেয়েছে। একইভাবে তামিমও আজ ভালো খেলল।’ তবে জয়ের ধারায় ফিরতে এটুকু ভালো যথেষ্ট নয়। ভালোটাকে যে আরও ভালো করতে পারেননি কেউই! ‘আমরা ব্রাভো বা দিনেশের মতো বড় ইনিংস খেলতে পারিনি। ভালো দলের বিপক্ষে জিততে হলে এসব ঠিক করতে হবে। কিছু জায়গা আছে যেখানে উন্নতি আনতে হবে’—বলছিলেন মুশফিক। সিরিজে এখনো দুটি টেস্ট আর একটা টি-টোয়েন্টি ম্যাচ বাকি। উন্নতির লক্ষণ অধিনায়ক দেখতে চান সেখানেই।

অধিনায়ক মুশফিক অবশ্য এদিন ওয়েস্ট ইন্ডিজ ৩৩৮ রান করে ফেলার পরও জয়ের আশা করেছিলেন। পরিকল্পনা ছিল, প্রথম ৩০ ওভার রানের গড়টা অন্তত ৬ করে রাখার। এরপর শেষ ১০ ওভারে ৪-৫ উইকেট হাতে রেখে চড়াও হতে হবে বোলারদের ওপর। কাজে লাগেনি সেই পরিকল্পনা। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের রানটা একটু বেশি হয়ে গেছে বলেও আক্ষেপ বাংলাদেশ অধিনায়কের, ‘তামিম-আমি থাকা পর্যন্ত আমরা চেষ্টা করছিলাম। তারপর আরও দুই উইকেট যখন পড়ে যায়, তখন থেকে তাড়া করাটা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া যে রানটা ওরা করেছে, তা হয়তো একটু বেশি হয়ে গেছে।’
ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড়ে উঠে যাওয়ায় মুশফিকেরও অবদান আছে। নতুন বলে মাশরাফি-আল আমিন ঝটপট দুই উইকেট ফেলে দেওয়ার পর সুযোগ এসেছিল শুরুতেই ড্যারেন ব্রাভোকেও ফেরত পাঠানোর। রাজ্জাকের বলে সহজতম স্টাম্পিংটা করতে পারলেন না। যা পারলে ৩০ রানে ৩ উইকেট পড়ে যেত স্বাগতিকদের। যেটির তাৎপর্য ম্যাচ শেষে মুশফিকের মুখে আফসোস হয়ে ঝরল, ‘ওই সময় আরেকটা উইকেট পড়ে গেলে নতুন একটা ব্যাটসম্যান আসত। হয়তোবা এত রান তখন না-ও হতে পারত। খুব সহজ একটা সুযোগ এসেছিল, যেটা আমার কারণে মিস হয়েছে।’
এই সিরিজে না থেকেও ঘুরেফিরেই আসছে সাকিব আল হাসানের নাম। একজন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে বাংলাদেশ দল বড় বেশি মিস করেছে ওয়েস্ট ইন্ডিজে। প্রসঙ্গটা উঠতেই মুশফিক আবারও বললেন, ‘ওর মতো খেলোয়াড়কে যে কোনো দল, যে কোনো অধিনায়কই মিস করবে। বোলিং অপশন নিয়ে ভাবতে গেলে আমার অবশ্যই ওর (সাকিব) কথাই বেশি মনে পড়ে।’ পুরোনো কথাটাও বললেন এরপর, ‘যারা ওর বিকল্প হিসেবে এসেছে, আশা করি তারা সুযোগটা কাজে লাগাবে। শুধু সাকিব কেন, আমরা চাই আমি বা তামিম বা অন্য কেউ না থাকলেও যেন সাফল্যের ধারাবাহিকতাটা থাকে।’
সাফল্যের ধারাবাহিকতা পরের কথা, আগে তো সাফল্যের দেখা পেতে হবে। এ বছর সেটির যে দেখাই মিলছে না!
সিরিজের সেরা ৫
ব্যাটসম্যান
রান গড় ১০০/৫০
দিনেশ রামদিন ২৭৭ ৯২.৩৩ ১/১
ড্যারেন ব্রাভো ১৮৪ ৬১.৩৩ ১/১
কাইরন পোলার্ড ১২৫ ৪১.৬৬ ০/১
তামিম ইকবাল ১১৮ ৩৯.৩৩ ০/১
এনামুল হক ১১৬ ৩৮.৬৬ ১/০
বোলার
উইকেট গড় রান/ওভার
আল আমিন ১০ ১৭.০০ ৫.৯৩
রবি রামপল ৭ ১৪.০০ ৩.৮১
ডোয়াইন ব্রাভো ৫ ১২.৮০ ৫.৩৩
মাশরাফি বিন মুর্তজা ৫ ২৬.০০ ৪.৬৪
সুনীল নারাইন ৪ ১৮.২৫ ২.৭০