এবার লক্ষ্য কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের যাত্রা শুরু ১৯৮৮ সালে। এক দশকের বিরতি দিয়ে দ্বিতীয় আসর বসেছিল ১৯৯৮-এ। যুব বিশ্বকাপে বাংলাদেশ নিয়মিত অংশ নিচ্ছে ওই টুর্নামেন্ট থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্লেট ফাইনালে সেবার আল শাহরিয়ার রোকন ও মেহরাব হোসেন অপির দারুণ দুটি ফিফটিতে ম্লান হয়েছিল ক্রিস গেইলের সেঞ্চুরি। প্লেট জয়ের আনন্দের হিল্লোল বয়ে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটে।
পরে আরও তিনবার প্লেট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তবে প্লেটে খুশি হওয়ার দিন আর নেই। প্লেট চ্যাম্পিয়ন হওয়া মানেই নবম স্থান, নকআউট পর্বে জায়গা পেতে ব্যর্থ। বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০০৬-এ পঞ্চম হওয়া। বাংলাদেশ এখন প্লেটের ‘চক্র’ থেকে বেরোতে চায়। তাই ঘরের মাঠে আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কাপের নকআউট পর্বে খেলা। বিশ্বকাপ সামনে রেখে কাল ১৫ সদস্যের দল ঘোষণার পর সেটিই জানালেন প্রধান নির্বাচক ফারুক আহমদ, ‘এটা ঠিক আমাদের সাফল্য প্লেট জয়ে সীমাবদ্ধ। বাংলাদেশ যদিও প্লেটের ফাইনালে অস্ট্রেলিয়াকেও (২০০৪) হারিয়েছে। তবে এখন প্লেট চ্যাম্পিয়ন হয়ে তৃপ্ত হওয়ার সুযোগ নেই। আমাদের এবার লক্ষ্য থাকবে কাপের নকআউট পর্বে খেলা।’
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই দলে থাকা পাঁচজন গত বিশ্বকাপেও খেলেছেন। মিরাজ নিজে তো খেলেছেনই, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন নাজমুল হোসেন, জয়রাজ শেখ, জাকির হাসান ও সাঈদ সরকার। ১৫ জনের বাইরে স্ট্যান্ডবাই রাখা হয়েছে মুনিম শাহরিয়ার, মোসাব্বেক হোসেন, রিফাত প্রধান ও কাজী অনীক ইসলামকে।
ঘরের কন্ডিশন বিবেচনায় দল গঠনে জোর দেওয়া হয়েছে স্পিনের ওপর। দলে স্পিনার আছেন পাঁচজন। ব্যাটিং-বোলিংয়ে দারুণ সমন্বয়ে ভালো কিছুর প্রত্যাশা প্রধান নির্বাচকের, ‘যেহেতু ঘরের মাঠে খেলা, স্বাভাবিকভাবেই স্পিনে জোর দেওয়া হয়েছে। দলে ভালো ব্যাটসম্যান ও পেসার আছে। খেলোয়াড়েরা চোটে না পড়লে ভালো কিছুই হবে আশা করি।’
যুব বিশ্বকাপে টানা দ্বিতীয়বার অধিনায়ক হওয়া মিরাজের কণ্ঠেও একই সুর, ‘দলের সমন্বয় দারুণ হয়েছে। আমরা আত্মবিশ্বাসী। ঘরের মাঠে ভালো কিছুই হবে ইনশা আল্লাহ। এখন একটাই ভাবনা, ভালো খেলা।’
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের আটটি ভেন্যুতে বিশ্বকাপ হবে ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ, পিনাক ঘোষ, সাইফ হাসান, জাকির হাসান, সাইফউদ্দিন, শফিউল হায়াত, সাঈদ সরকার, মেহেদী হাসান, আবদুল হালিম, সনজিত সাহা, সালেহ আহমেদ, আরিফুল ইসলাম, জাকের আলী।