এবার শাহরিয়ারের ডাবল

দুই শর কাছাকাছি গিয়ে শেষ করেছিলেন দ্বিতীয় দিন। বিকেএসপিতে কাল বাকি আনুষ্ঠানিকতাটুকুও সেরে ফেললেন শাহরিয়ার নাফীস। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থাকলেন ২০৭ রানে। ৮ উইকেটে ৭৪৯ রান করে ইনিংস ঘোষণা করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি, বিসিএলে তো সবচেয়ে বেশি রানের ইনিংসই।
বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ২২০ রানের ইনিংস খেলার পর তুষার ইমরান ডাবল সেঞ্চুরি করেছেন ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে এই ম্যাচেও। দুই ইনিংসেই অন্য প্রান্তে দাঁড়ানো শাহরিয়ার ছিলেন দর্শক। শাহরিয়ার লিগের আগের ম্যাচগুলোতে ভালো শুরু করেও শেষটা ভালো করতে পারছিলেন না। বড় করতে পারছিলেন না ইনিংস। দুবার সত্তরের ঘরে আউট হয়ে শাহরিয়ার প্রতিজ্ঞা করেছিলেন, আবার বড় ইনিংসের হাতছানি এলে সুযোগ হাতছাড়া করবেন না। মধ্যাঞ্চলের বিপক্ষে পরশুই তা করে দেখিয়েছেন। পরশু অপরাজিত ছিলেন ১৭০ রানে, কাল পেয়ে গেলেন ডাবল সেঞ্চুরিও।
শাহরিয়ারের জন্য এই ইনিংস অনেক তৃপ্তির। দিন শেষে মুঠোফোনে বলছিলেন, ‘আমাদের ক্রিকেট যে মানে পৌঁছেছে, পঞ্চাশ বা এক শ রান এখন আর চোখে পড়ে না। এ রকম বড় ইনিংস খেলা সে কারণেই জরুরি। মৌসুমের শেষে এসে এমন একটা ইনিংস খেলতে পেরে খুব ভালো লাগছে।’
দলের ১১ জনকে দিয়ে বল করিয়েও কাল দক্ষিণাঞ্চলের আর কোনো উইকেট ফেলতে পারেনি মধ্যাঞ্চল। বরং ১১ নম্বর বোলার সাদমান ইসলামকে মিড অন দিয়ে বাউন্ডারি মেরেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন শাহরিয়ার। মধ্যাঞ্চলের ওপেনার সাদমান তাঁর ২৫ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এর আগে বল করেছেন মাত্র দুই ওভার।
ব্যাটিংয়ে অবশ্য মধ্যাঞ্চলকে যা একটু ভরসা এই সাদমানই দিচ্ছেন। দিন শেষে ৩ উইকেটে ১৮৪ রান দলের। বাঁহাতি সাদমান ব্যাটিং করছিলেন ৬৩ রান নিয়ে। সঙ্গে ছিলেন শুভাগত হোম। আজ শেষ দিনে নাটকীয় কিছু না ঘটলে এই ম্যাচের ভাগ্যে ড্র-ই লেখা আছে। সে ক্ষেত্রে রানার্সআপ হওয়াটা নিশ্চিত দক্ষিণাঞ্চলের।
ফতুল্লায় প্রথম ইনিংসে লিড নিয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই পঞ্চম বিসিএলের শিরোপা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে বিসিবি উত্তরাঞ্চল। এ ম্যাচে হারলেই কেবল শিরোপা হাতছাড়া হতে পারে তাদের। শফিউল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২১৬ রানে অলআউট করে দেয় উত্তরাঞ্চল। ৭০ রানে ৬ উইকেটে শফিউলের। ১৫৮ রানের লিড নেওয়ার পরদিন শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৩৯ রান উত্তরাঞ্চলের।
মাত্র ৬০ রানে ৪ উইকেট পড়ে গিয়ে রীতিমতো ধুঁকতে শুরু করেছিল উত্তরাঞ্চল। পঞ্চম উইকেটে নাজমুল হোসেন আর নাসির হোসেনের ১৪১ রানের জুটিতে ম্যাচে ফিরে এখন রীতিমতো দাপটেই আছে তারা। নাসির ৬৩ করে আউট হয়ে গেলেও দিন শেষে ৯১ রানে অপরাজিত নাজমুল।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল, ফতুল্লা
বিসিবি উত্তরাঞ্চল: ৩৭৪ ও ৬৮ ওভারে ২৩৯/৬ (নাজমুল ৯১*, নাসির ৬৩, জুনায়েদ ৪০; জায়েদ ২/৪৫, সাইফউদ্দিন ২/৪৭)। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৬৯.৫ ওভারে ২১৬ (সাইফউদ্দিন ৪০, রাহাতুল ৩৮, অলক ৩২; শফিউল ৬/৭০, ফরহাদ রেজা ৩/৩৮)।
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল, বিকেএসপি
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১৯৯.২ ওভারে ৭৪৯/৮ ডি. (তুষার ২১৭, শাহরিয়ার ২০৭*, মিঠুন ১৩১, ইমরুল ৫৭, ফজলে ৩৯, অপু ৩৬*, আল আমিন ৩৪; শুভাগত ৩/২০২, তানভীর ২/৬৫)। ওয়ালটন মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৭২ ওভারে ১৮৪/৩ (সাদমান ৬৩*, সাইফ ৫০, মার্শাল ৩৭; রাজ্জাক ২/৮৫)।
বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে দলীয় সর্বোচ্চ
স্কোর ম্যাচ ভেন্যু মৌসুম
৭৫৬/৫ ডি. ঢাকা বিভাগ-রাজশাহী বিকেএসপি (৪) ২০১৩-১৪
৭৪৯/৮ ডি. দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল বিকেএসপি (৩) ২০১৬-১৭
৭৩০/৬ ডি. শ্রীলঙ্কা-বাংলাদেশ মিরপুর ২০১৩-১৪
৭১২/৭ ডি. বরিশাল-সিলেট ফতুল্লা ২০০৬-০৭
৬৭৬/৯ ডি. দ. আফ্রিকা ‘এ’-বাংলাদেশ ‘এ’ মিরপুর ২০১০