এবার শুরুতেই তামিমের হাসি
আন্তর্জাতিক ক্রিকেটে ১৫তম বর্ষপূর্তির দিনে নিজের দ্বিতীয় বলটাতেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের মাত্র শুরু। তখনই তামিম ইকবালকে ডাউন দ্য উইকেটে তেড়ে আসতে হবে!
তামিম এলেন এবং দুর্দান্ত এক কাভার ড্রাইভে মেরে দিলেন বাউন্ডারি। ইনিংসের দ্বিতীয় বলেই মাশরাফিকে হারিয়ে দেওয়া তামিম শেষ পর্যন্ত ম্যাচও জিতলেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল বিপিএলের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানসকে তামিমের চিটাগং ভাইকিংস হারাল ২৯ রানে।
চট্টগ্রামের ১৬১ রান মাশরাফির দৃষ্টিতে তাড়া করার মতো স্কোরই ছিল। সেটা না পারার কারণটা খুঁজে পেতেও সমস্যা হয়নি তাঁর, ‘যাদের বলে শট খেলা দরকার ছিল, তাদের বলে শট না খেলে আমরা অন্যদের বলে শট খেলেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে কার বলে শট খেলতে হবে, সেটা ঠিক করা গুরুত্বপূর্ণ।’
কুমিল্লার তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেনের ব্যাটিংয়ে অবশ্য সেটি বুঝতে পারার প্রমাণ ছিল। ৪৪ বলে ৫৪ রানের ইনিংসের ৩১ রান পর্যন্ত বাউন্ডারি মাত্র ১টি, ওই সময় পর্যন্ত বল খেলেছিলেন ৩৫টি। শেষ দুই ওভারে তিনিই মারলেন পাঁচ বাউন্ডারি, এর মধ্যে তাসকিনের করা শেষ ওভারের প্রথম চার বলেই পরপর চারটি। কুমিল্লার ব্যাটিংয়ের চুম্বক অংশ বলতে নাজমুলের অপরাজিত ইনিংসটাই।
কুমিল্লার হারের পেছনে ফিল্ডিং ব্যর্থতাকেও একটা কারণ মনে করেন মাশরাফি। তামিমের রান যখন ২৩, ডিপ কাভারে তামিমের সহজ ক্যাচ ছেড়েছেন নাহিদুল। গ্রাউন্ড ফিল্ডিংয়ে ছোটখাটো ভুলেও চট্টগ্রামের স্কোর বোর্ডে জমা হয়েছে বাড়তি ১০-১২ রান। কোথায় ভুল থাকায় ম্যাচটা হারতে হলো, জানতে চাইলে মাশরাফির তাই এককথায় জবাব, ‘সবই তো ভুল ছিল!’
মাশরাফিকে হতাশা উপহার দেওয়া এই জয় তামিমের কাছে অনেক কারণেই আনন্দের। কুমিল্লা গতবারের চ্যাম্পিয়ন, তার ওপর তাদের কাছে গতবার দুটি ম্যাচেই হেরেছিল তাঁর দল। গতবার জিততে জিততেও অনেক ম্যাচ হেরেছে চিটাগং। এবার তাই সহজ-সরল এক ফর্মুলা বেছে নিয়েছেন চিটাগং ভাইকিংস অধিনায়ক, ‘আমাদের টার্গেট হলো কম ভুল করা।’
তামিম যেমন ওই একটি ক্যাচ তুলে দেওয়া ছাড়া আর ভুল করলেন না। টেস্ট, ওয়ানডের ফর্ম টি-টোয়েন্টিতেও টেনে এনে খেললেন ৩৮ বলে ৫৪ রানের পরিণত ইনিংস। যেভাবে ব্যাট করছিলেন, এনামুল হকের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রান আউট না হয়ে গেলে আরও বড় কিছুও আসতে পারত তাঁর ব্যাট থেকে। সেটা না এলেও তামিম তৃপ্ত, ‘একসময় টি-টোয়েন্টিতে পরিকল্পনার অভাব ছিল আমার। এখন চেষ্টা করি পরিকল্পনা করে খেলতে। সব সময় হয়তো পারি না, তবে ব্যাটিং আগের চেয়ে ভালো হচ্ছে।’
চিটাগংয়ের নায়ক তবু তামিম নন, তা ২৪ রানে ৪ উইকেট নেওয়া মোহাম্মদ নবী। আল-আমিন আর সোহেল তানভীরকে পরপর ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে ছিলেন আফগান অফ স্পিনার। তাতে দলের জয়টা সহজ হলেও তামিম কিন্তু চান অন্য কিছু। বিদেশি ক্রিকেটারদের চেয়ে চট্টগ্রাম অধিনায়ক স্থানীয় ক্রিকেটারদের মধ্য থেকেই পেতে চান জয়ের নায়ক, ‘খেলার আগে আমি স্থানীয় ক্রিকেটারদের বলেছি, তারা যেন বিদেশিদের ছায়া না হয়ে থাকে। নিজেদের সামর্থ্য দেখায়। বিপিএলে প্রতিবার আমাদের দেশের ক্রিকেটারদের মধ্য থেকেও ২-৩ জন হিরো হয়। আমি চাই এবার আমার দল থেকে যেন হিরো বের হয়।’
সংক্ষিপ্ত স্কোর
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬১/৩ (তামিম ৫৪, স্মিথ ৯, এনামুল ২২, মালিক ৪২*, জহুরুল ২৯*; মাশরাফি ০/৩৪, ওয়াসিম ১/২২, তানভীর ০/২৮, নাহিদুল ০/২৩, জাইদি ০/১৮, শরীফ ০/৩৩)।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৩২/৮ (লিটন ১৩, ইমরুল ৬, স্যামুয়েলস ২৩, নাজমুল ৫৪*, জাইদি ২, মাশরাফি ১, ওয়াসিম ৪, আল আমিন ১৪, তানভীর ০, শরীফ ২*; স্মিথ ১/২১, রাজ্জাক ১/২৩, মিলস ১/২৮, নবী ৪/২৪, মালিক ০/৩, তাসকিন ১/৩১)।
ফল: চিটাগং ভাইকিংস ২৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নবী।
বরিশাল বুলস: ২০ ওভারে ১৪৮/৬ (শামসুর ৬, মুনাবীরা ১২, ম্যালান ১৬, মুশফিক ৫০*, শাহরিয়ার ৫৫, থিসারা ৩, এমরিট ১, মেহেদী ২*; শহীদ ৩/২১, রাসেল ০/১০, সাকিব ১/২৩, ব্রাভো ১/২৬, নাসির ০/৮, বোপারা ১/২৩, সানজামুল ০/৭, আলাউদ্দিন ০/১৭, মোসাদ্দেক ০/১২)। ঢাকা ডায়নামাইটস: ১৬ ওভারে ১৪৯/২ (মারুফ ৭৫*, সাঙ্গাকারা ৩০, সাকিব ২০, মোসাদ্দেক ১০*; আল আমিন ০/৩৫, মনির ১/২৩, মেহেদী ০/১৩, এমরিট ০/২১, থিসারা ০/১৬, মুনাবীরা ০/২২, তাইজুল ১/১৪)
ফল: ঢাকা ডায়নামাইটস ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ।