এবার সঙ্গী পাচ্ছেন পন্টিং?

দুবার আইসিসির বর্ষসেরার স্বীকৃতি পাওয়া ক্রিকেটার একজনই—রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ২০০৬ ও ২০০৭ সালে টানা দুবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। সাত বছর পর এবার বোধহয় সঙ্গী পেতে যাচ্ছেন পন্টিং। স্যার গারফিল্ড সোবার্স ট্রফিটা এর আগে একবার করে জেতা শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল জনসন এবারও আছেন আইসিসির সংক্ষিপ্ত তালিকায়। ফেবারিট এ দুজনই। বর্ষসেরা ক্রিকেটার তালিকায় থাকা অন্য দুই ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও অ্যাঞ্জেলো ম্যাথুস।
২৬ আগস্ট ২০১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনা করেই কাল এই সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আইসিসি। শেষ পর্যন্ত ট্রফিটা কার হাতে উঠবে, সেটা জানতে অপেক্ষা করতে হবে ১৪ নভেম্বর পর্যন্ত। এদিন এক টেলিভিশন অনুষ্ঠানেই ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। তবে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে ১৫ নভেম্বর। ১১টি ব্যক্তিগত পুরস্কারের একটি ঘোষণা করা হয়েছে গতকালই। ভক্তদের ভোটে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। কাল দেওয়া হয়েছে বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও। এএফপি, আইসিসি বিজ্ঞপ্তি।