এবার সাংবাদিককে খিস্তি কোহলির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার বিতর্কের কেন্দ্রে কোহলি! ছবি: এএফপি
আবার বিতর্কের কেন্দ্রে কোহলি! ছবি: এএফপি

গতকাল মঙ্গলবার বিকেলের একটি ঘটনা আবার উসকে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তাদের সংবাদমাধ্যমের তিক্ততার সম্পর্ক। ঘটনার নায়ক বিরাট কোহলি আর একজন সাংবাদিক। নেট সেশন থেকে ফেরার পথে ওই সাংবাদিককে দেখেই অকথ্য গালাগাল শুরু করেন কোহলি। ওই সাংবাদিকের দোষ, তিনি কেন আনুশকাকে জড়িয়ে কোহলি সম্পর্কে একটি প্রতিবেদন ছাপতে গেলেন! ঘটনা এখানেই শেষ নয়, পড়ে জানা গেছে, কোহলি ওই সাংবাদিককে ‘অন্য একজন’ মনে করেই নাকি হালির তুবড়ি ছুটিয়েছিলেন। বুঝুন অবস্থা!

পার্থের ওয়াকা মাঠের একটু দূরেই মারডক বিশ্ববিদ্যালয়ের মাঠে ছিল ভারতের অনুশীলন সেশন। সেখানেই এই অযাচিত বিতর্কে জড়ালেন ভারতীয় ক্রিকেটের হালের এই সেনসেশন।
ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে এর জেরে রীতিমতো মূক বনে যান সবাই। উপস্থিত লোকজন তো বটেই, কোহলির সতীর্থরাও চুপ মেরে যান এতে। কোহলি নাকি ওই সাংবাদিককে খুব খারাপ ভাষায় আক্রমণ করছিলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে যান কোহলি। এ জন্য অবশ্য অন্য সাংবাদিকের মাধ্যমে ‘আক্রান্ত’ সাংবাদিকের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
ড্রেসিং রুমে গিয়ে অবশ্য কোহলি সতীর্থদের খুলে বলেছেন আসল ঘটনাটি। তিনি বলেছেন, কিছুদিন আগে একটি পত্রিকায় আনুশকাকে নিয়ে একটি বিতর্কিত প্রতিবেদন ছাপা হয়েছিল, কোহলি মনে করেছিলেন এই সাংবাদিক ওই প্রতিবেদনের লেখক।
ঘটনাটি খুব সম্ভবত গড়াতে যাচ্ছে বেশ অনেক দূরই। ভারতের সংবাদমাধ্যমগুলো বেশ ক্ষোভ নিয়েই কোহলির এই কাণ্ড তুলে ধরেছে ফলাও করে। আক্রান্ত সাংবাদিকও জানিয়েছেন নিজের ক্ষোভের কথা, ‘ভুল করেই হোক আর যেভাবেই হোক, আমি কোহলির খিস্তি-খেউড়ের শিকার হয়েছি। কই, সে তো সরাসরি আমার কাছে দুঃখ প্রকাশ করেনি। এমনকি টিম ম্যানেজমেন্টও না। মানুষের সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হয়, সেটা যদি একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদকে শিখিয়ে দিতে হয়, সেটা কিন্তু যথেষ্ট দুর্ভাগ্যজনক।’
জানা গেছে, এই ঘটনায় কোহলিকে ডেকে নাকি দুকথা শুনিয়ে দিয়েছেন দলের পরিচালক ও সর্বময় কর্তা রবি শাস্ত্রী। তিনি কোহলিকে সোজা-সাপটাই জানিয়েছেন, দলের ভবিষ্যৎ অধিনায়কের কাছ থেকে এমন আচরণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে মোটেও প্রত্যাশিত নয়।’ সূত্র: এনডিটিভি, এএফপি।