এবার সেঞ্চুরি আরিফ-শরীফের
দারুণ এক সেঞ্চুরি করে পরশুই দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন তানভীর হায়দার। বগুড়ায় কাল প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পেলেন তানভীরের ওয়ালটন মধ্যাঞ্চল-সতীর্থ শরীফউল্লাহ। জোড়া সেঞ্চুরি দেখেছে রাজশাহীও। সেখানে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ফরহাদ হোসেনের পর সেঞ্চুরি করেছেন আরিফুল হক।
মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল দুই দলের ইনিংসও প্রায় একই আকার পেয়েছে। উত্তরাঞ্চল অলআউট ৩৯২ রানে, মধ্যাঞ্চল ৩৯৪ রানে। দ্বিতীয় দিন শেষে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে উত্তরাঞ্চল। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রতিপক্ষ প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ৫ উইকেট তুলে নিয়েছে ২৩১ রানেই। শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
সাদমান ইসলাম ও মুমিনুল হকের উদ্বোধনী জুটিতে ৪৮ রান, শুরুটা ভালোই ছিল পূর্বাঞ্চলের। কিন্তু ৯ বলের মধ্যে ১ রান তুলতেই দুই ওপেনারের বিদায়ে চাপে পড়া দলটি তৃতীয় উইকেট হারায় ৮৮ রানে। তবে এরপর দলের বিপদ আর বাড়তে দেননি লিটন দাস ও অলক কাপালি। লিটন পেয়ে গেছেন ফিফটি, কাপালিও হাঁটছিলেন সেই পথে।
এর আগে আগের দিনের অবিচ্ছিন্ন ১৪২ রানের জুটিটাকে ১৭৮ রান পর্যন্ত নিয়ে যান মধ্যাঞ্চলের তানভীর ও শরীফউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট লিগে এটি ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটি। রেকর্ডটা মধ্যাঞ্চলেরই ছিল। ২০১৩-১৪ মৌসুমে পূর্বাঞ্চলের বিপক্ষেই ১৫৫ রান করেছিলেন শামসুর রহমান ও নুরুল হাসান।
তানভীর ফিরেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ১২৯ রান করে। শরীফউল্লাহ আউট হয়েছেন ১১৩ রানে। প্রথম শ্রেণিতে প্রথম ৫ উইকেটের দেখা পেয়েছেন পূর্বাঞ্চলের পেসার আবুল হাসান। ৬৮ রানে ৫ উইকেট নিয়েছেন টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পাওয়া হাসান।
রাজশাহীতে ৫ ওভারের মধ্যে ১২ রানেই শেষ ৪ উইকেট হারিয়েছে উত্তরাঞ্চল। এর আগে সানজামুলকে নিয়ে সপ্তম উইকেটে ১৪০ রান যোগ করেছেন আরিফুল।
সংক্ষিপ্ত স্কোর
: বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, রাজশাহী
উত্তরাঞ্চল: ১১৩ ওভারে ৩৯২ (আরিফুল ১১৫, ফরহাদ হোসেন ১০৬, সানজামুল ৪৬; সোহাগ ৪/১১১, রাজ্জাক ৪/১৬২, তৌহিদুল ১/৩৩, এনামুল জু. ১/৪৮)। দক্ষিণাঞ্চল: ৭২ ওভারে ২৩১/৫ (ফজলে রাব্বী ৭০, তুষার ৪৭, ফরহাদ রেজা ৪১*, তাইবুর ৩৬*; সানজামুল ২/৬১, নাসির ১/২৫, শাফাক ১/২৯, তাইজুল ১/৬২)।
: ওয়ালটন মধ্যাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বগুড়া
মধ্যাঞ্চল: ১১৬.২ ওভারে ৩৯৪ (তানভীর ১২৯, শরীফউল্লাহ ১১৩, মার্শাল ৭৬, মোশাররফ ৩৯*; আবুল হাসান ৫/৬৮, জায়েদ ৩/৮৯, অপু ১/৬৯, কামরুল ১/৭৯)। পূর্বাঞ্চল: ৫৫ ওভারে ১৭০/৩ (লিটন ৬১*, মুমিনুল ৩৩, অলক ৩১*; শহীদুল ২/৪৬, শরীফউল্লাহ ১/৩৪)।