এবার সেঞ্চুরি রাতুলের
প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন অধিনায়ক আমিনুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে পেলেন ওপেনার রাতুল খান। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচটি অবশ্য ড্র করল বিসিবি অনূর্ধ্ব-১৭।
আগের দিনের ৬ উইকেটে ১৫৮ রান নিয়ে খেলতে নেমে কাল ৩ উইকেটে ১১৫ যোগ করে লাঞ্চের ঘণ্টা খানেক পরই ইনিংস ঘোষণা করে সিএবি। বিসিবির পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। এ ছাড়া ৪২ রানে ২ উইকেট শরিফ ইসলামের।
দ্বিতীয় ইনিংসে বিসিবির শুরুটা হয়েছে অসাধারণ। সজীবুল ইসলাম-রাতুলের উদ্বোধনী জুটিতে আসে ১৭২। রান আউটে কাটা পড়ার আগে সজীব করেন ৭৭। রাতুল ১২২ বলে ১১৩ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। রাতুলের সেঞ্চুরির পরই নেমে আসে ম্যাচের পর্দা। ম্যাচ ড্র হলেও বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের বড় প্রাপ্তি আমিনুল-রাতুলের সেঞ্চুরি, শাহাদত হৃদয়-রাতুলের ফিফটি। চার ম্যাচ সিরিজটি ১-০তে জিতেছে বিসিবি অনূর্ধ্ব-১৭।