এবার সৌরভের আত্মজীবনী
গত নভেম্বরে বাজারে এসেছে শচীন টেন্ডুলকারের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে। সেটি যথেষ্টই সাড়া ফেলেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবার বাজারে এল আরেক ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর আত্মজীবনী সৌরভ গাঙ্গুলী: ক্রিকেট, ক্যাপ্টেন্সি অ্যান্ড কন্ট্রোভার্সি। সৌরভের জবানিতে বইটির লেখক সপ্তর্ষি সরকার, পেশায় যিনি আইটি বিশেষজ্ঞ৷ ছোটবেলা থেকেই সৌরভের ভক্ত সপ্তর্ষি দীর্ঘদিন গবেষণাও করছেন সাবেক ভারতীয় অধিনায়ককে নিয়ে।
পরশু কলকাতায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সৌরভ না থাকতে পারলেও ছিলেন তাঁর ছেলেবেলার কোচ অশোক মুস্তাফি, পশ্চিমবঙ্গের সাবেক ক্রিকেটার ও লেখক রাজু মুখার্জি। ক্রিকেটার সৌরভের বেড়ে ওঠা থেকে শুরু করে ভারত অধিনায়ক হওয়া এবং গ্রেগ চ্যাপেলের সঙ্গে তাঁর কোচ-অধিনায়ক সম্পর্কের অনেক অজানা কথা নাকি আছে বইতে। বোঝাই যাচ্ছে, বিতর্কের বেশ খোরাক থাকছে সৌরভের আত্মজীবনীতে। আইএএনএস।