এবার স্কটল্যান্ডকে হারাল মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচের একটি দৃশ্য ছবি: আইসিসি ওয়েবসাইট।
বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচের একটি দৃশ্য ছবি: আইসিসি ওয়েবসাইট।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। আজ রোববার ব্যাংককে স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা এসেছে ৮ উইকেটের বড় ব্যবধানেই।
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ড অলআউট হয় মাত্র ৫৩ রানেই। বাংলাদেশের মেয়েদের এই রান পেরোতে ১২.৪ ওভারের বেশি ব্যয় করতে হয়নি। যদিও জয়ের পথে দুটো উইকেট হারাতে হয়েছে তাদের।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান আসে ক্যাথরিন ব্রেইসের ব্যাট থেকে—১২। ব্রেইস বাদে আর কোনো স্কটিশ খেলোয়াড়ই ছুঁতে পারেননি দুই অঙ্কের সংগ্রহ। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ৮ এসেছে মোট চারজনের ব্যাট থেকে।
বাংলাদেশের রুমানা আহমেদ মাত্র ৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়ে ধস নামান স্কটিশ ব্যাটিংয়ে। ২টি উইকেট পেয়েছেন খাদিজাতুল কোবরা। একটি করে উইকেট জাহানারা আলম, পান্না ঘোষ ও ফাহিমা খাতুনের।
সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেটে জেতার পথেই ছিল বাংলাদেশ। আয়েশা রহমান ও শারমিন আকতারের উদ্বোধনী জুটিতেই রান এসেছিল ৫৩। তবে ৫৩ রানেই পরপর আয়েশা ও শারমিন ফিরে গেলে কিছুটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় মাঠে। বাংলাদেশের জয়সূচক রানটি আসে রুমানা আহমেদের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড
স্কটল্যান্ড ৫৩/১০ (১৯.১ ওভার)
ব্রেইস ১২
রুমানা ৩/৯
বাংলাদেশ ৫৪/২ (১২.৪)
আয়েশা ২৪, শারমিন ২৬
রাচেল স্কলস ১/৬।
(বাংলাদেশের মেয়েরা জয়ী ৮ উইকেট)