এবার স্বস্তি নিয়ে ফেরা মাশরাফির

পাঁচ বছর আগে ফিরতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে। অথচ কতই না পার্থক্য সেবারের ফেরা আর এবারের ফেরায়!
প্রথম টেস্টের তৃতীয় দিনেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ২০০৯ সালের সফরে। সেই চোট পরে ছিটকে দিয়েছিল সিরিজ থেকেও। দুঃসহ যন্ত্রণাকে সঙ্গী করে ক্যারিবিয়ান থেকে ফিরেছিলেন সেবার। সেটিই এখনো পর্যন্ত হয়ে আছে তাঁর শেষ টেস্ট। ৩৬ টেস্টে থমকে আছে ক্যারিয়ার। এবারও ফিরলেন টেস্ট সিরিজ শুরুর আগেই। তার পরও কাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে কাল নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মাশরাফি বিন মুর্তজা। এবার অন্তত চোটের কারণে ফিরতে হয়নি! সঙ্গে বাড়তি তৃপ্তি, নিজের পারফরম্যান্সও ছিল বেশ ভালো।
চিরসঙ্গী চোট যে একেবারেই দূরে ছিল, তা অবশ্য নয়। চোটের কারণেই খেলতে পারেননি টি-টোয়েন্টি ম্যাচটি। তবে সেটি গুরুতর কিছু ছিল না। এর আগে তিনটি ওয়ানডেতেই খেলেছেন। ২৮ ওভার বোলিং করে নিয়েছেন ৫ উইকেট। স্বস্তিটা উঠে এসেছে মাশরাফির কণ্ঠেও। যদিও প্রতিক্রিয়ায় শুধুই নিজের মধ্যে আবদ্ধ থাকেননি। তিনি যে বোলিং আক্রমণের নেতা, সেটা যেন বুঝিয়ে দিলেন, ‘গত দুটি সিরিজেই আমার পারফরম্যান্স ভালো হলো। ছন্দ পেয়েছি, চোট কম ছিল। গোটা দলেরই বোলিং আসলে ভালো হচ্ছে। আল আমিন ভালো করছে, তাসকিন উঠে এসেছে। রুবেল আছে ওখানে। স্পিনাররা আছে। বোলিং কম্বিনেশন এখন বেশ ভালো। সাকিব ফিরলে, রাজ্জাক ফর্ম ফিরে পেলে আরও ভালো হবে।’
নিজের আর দলের বোলিং নিয়ে স্বস্তির পাশেই অবশ্য আছে অস্বস্তি। যে অস্বস্তির নাম দলের পারফরম্যান্স! বছরের শুরু থেকে দলের পারফরম্যান্সে যে অধোগতি, সেটি অব্যাহত ছিল ওয়েস্ট ইন্ডিজে গিয়েও। ব্যর্থতাকে মেনে নিয়ে এখন টেস্ট সিরিজের দিকে আশা ভরে তাকিয়ে মাশরাফি, ‘প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি আমরা। একটা বিভাগে ভালো করেছি তো আরেকটিতে পারিনি। এটাই সমস্যা হয়ে গেছে। ব্যাটিংটা কোনো দিন ভালো হচ্ছে, কোনো দিন নয়। এখন টেস্ট স্কোয়াডে যারা আছে, আশা করি ওরা ভালো খেলবে। প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাটিং করেছে দল। আশা করি, টেস্টে ভালো কিছু হবে।’
মাশরাফির সঙ্গে কাল দেশে ফিরেছেন আবদুর রাজ্জাক, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন ও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যাওয়ার অপেক্ষায় থাকা সোহাগ গাজী। সোহাগ ও রাজ্জাক ছাড়া বাকি তিনজন আছেন এশিয়ান গেমসের দলে। যে দলের নেতৃত্ব দেবেন মাশরাফিই। গুয়াংজুতে অর্জিত সোনা ইনচনেও ধরে রাখার প্রত্যয় অধিনায়কের কণ্ঠে, ‘সোনার প্রত্যাশা অবশ্যই করি, আমাদের সেরা দলটিই পাঠানো হচ্ছে। সোনা জেতাই উচিত। তবে এখনো দল ওয়েস্ট ইন্ডিজ আছে। ওখান থেকে ফিরুক, অনুশীলন শুরু করি। এরপর আরও বিস্তারিত কথা বলা যাবে।’
বিয়ের কারণে মুশফিকুর রহিম থাকছেন না বলেই এশিয়াডে অধিনায়ক মাশরাফি। তবে দেশের ক্রিকেটে ইদানীং জোর গুঞ্জন, সামনেই সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেওয়া হতে পারে মাশরাফিকে। সাবেক অধিনায়ক নিজে যদিও সেই প্রসঙ্গে যেতেই চাইলেন না, ‘এখনো ওসব চিন্তা করিনি। কিছু বলাও হয়নি। আমাদের অধিনায়ক এখনো মুশফিক, আশা করি ও ভালো করবে।’