এবার স্মিথের আসল লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেন্যুটা ছিল বেলফাস্ট। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গত সপ্তাহে ক্রিকেটের পরিচিত চৌহদ্দির কিছুটা বাইরেই সূচনা হয়েছিল অস্ট্রেলীয় ক্রিকেটে স্টিভেন স্মিথ যুগের। ম্যাচটা নিয়ে তেমন হইচই হয়নি, হইচই হয়নি ইংল্যান্ডের সঙ্গে কার্ডিফের একমাত্র টি-টোয়েন্টি নিয়েও। তবে আজ শুরু ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে সবাই। সাউদাম্পটনে প্রথম ওয়ানডে দিয়েই যে প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজে যাত্রা শুরু করছে স্মিথের অস্ট্রেলিয়া।
অ্যাশেজ খোয়া গেছে। অস্ট্রেলিয়া হেরেছে একমাত্র টি-টোয়েন্টিতেও। দীর্ঘ ইংল্যান্ড সফর থেকে হৃত সম্মানের কিছুটা উদ্ধারের শেষ সুযোগ পাঁচ ম্যাচের এই সিরিজ। সিরিজে অবশ্য অস্ট্রেলিয়াই ফেবারিট। ৫০ ওভারের ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা রযাে ঙ্কিংয়েও বিশ্বের এক নম্বর দল।
সিরিজটা স্মিথের জন্য কিছু নতুন মুখকে বাজিয়ে দেখারও সুযোগ। পায়ের চোটে ভুগছেন ওপেনার অ্যারন ফিঞ্চ। জো বার্নসের সামনে তাই সুযোগ টপ অর্ডারে জায়গা পাকা করার। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৬৯ রান করে এরই মধ্যে নিজেকে কিছুটা চিনিয়েছেন এই ওপেনার। দুই বছর পর আজ অস্ট্রেলীয় দলে ফিরতে পারেন স্পিনার অ্যাশটন অ্যাগার। অভিষেক হয়ে যেতে পারে অলরাউন্ডার মার্ক স্টোয়নিসেরও।
অন্যদিকে বিশ্বকাপে ব্যর্থতার পর দিনবদলের ডাক ইংল্যান্ড দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা গেছে নতুন এক ইংল্যান্ডকেই। গত জুনে বিস্ফোরক ক্রিকেট খেলেই পাঁচ ম্যাচের সিরিজটা জিতেছিল এউইন মরগানের দল।
একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন। অন্যদিকে ওয়ানডেতেও কুলীন কোঠায় উঠতে মরিয়া এক দল। জমজমাট এক ক্রিকেট লড়াই দেখার প্রস্তুতি সেরে রাখাই ভালো। ক্রিকইনফো।