এবার হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। কিন্তু এই ধারাটা এবার ভেঙে দিতে চায় পাকিস্তান। দিন কয়েক আগে বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারানোর আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মারকুটে ব্যাটসম্যান উমর আকমল। সেটিরই প্রতিধ্বনি এবার দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানের কণ্ঠে, ‘ইতিহাস বদলায় এবং আমার বিশ্বাস এবার বদলাবে এবং অ্যাডিলেডেই ভারতের বিপক্ষে জিতব আমরা।’ ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডের ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

গতকাল লাহোরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইউনিস। কথা প্রসঙ্গে বললেন নিজের দুর্দান্ত ফর্ম নিয়েও, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে যখন খেলি আমি, আমার শেষ হয় কি না দেখার জন্য তাকিয়ে ছিল সবাই। কিন্তু ফর্মে ফিরি আমি এবং টানা সেঞ্চুরি করি। আমার এই ভালো সময়টা দেখা যেতে পারে বিশ্বকাপেও।’ ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় অনেকে এবার হিসাবে রাখছেন দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। কিন্তু ৩৭ বছর বয়সী ইউনিস মনে করেন ফেবারিট কোনো দলই নেই এবারের বিশ্বকাপে। পিটিআই।