এবার হারিয়ে যাবেন না তো এনামুল?
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সিরিজের পর বিসিবি সভাপতি জানিয়েছিলেন, টপ অর্ডারে ডান-বাঁহাতি সমন্বয়ে এনামুল হকের কথা তাঁরা ভাবছেন। বিসিবি সভাপতির এ কথায় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে ডাক পেতে পারেন এনামুল।
দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা যেদিন, এনামুলকে সাংবাদিকেরা পেয়েছিলেন বিসিবি একাডেমি ভবনের সামনে। অগ্রিম অভিনন্দন তো আছেই, আলোকচিত্রীদের কেউ কেউ অগ্রিম ছবিও তুলে রাখলেন তাঁর। খানিক্ষণ পরেই ঘোষিত দলে ছিল না এনামুলের নাম। বিষয়টি তাঁর জন্য নিশ্চয়ই ছিল প্রচণ্ড হতাশার।
তবে এবার হতাশার খবর নেই এনামুলের। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে আছেন এই ওপেনার। দীর্ঘদিন পর এনামুলকে সুযোগ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ঘরোয়া ক্রিকেটে ভালো করায় নেওয়া হয়েছে তাঁকে, ‘অবশ্যই ঘরোয়া ক্রিকেটের পুরস্কার। গত দুই বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে সে ভালো করছে।’
এনামুল সর্বশেষ খেলেছেন জাতীয় লিগে। শেষ রাউন্ডে বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে করেছেন ডাবল সেঞ্চুরি। এবার জাতীয় লিগে একবার নয়, দুবার ডাবল সেঞ্চুরি করেছেন ২৫ বছর বয়সী এ টপঅর্ডার ব্যাটসম্যান। ৬ ম্যাচে ৭৭.৩৭ গড়ে ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৬১৯ রান করে হয়েছেন এবার জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক। গত বিপিএলে তাঁর দল চিটাগং ভাইকিংস যদিও যেতে পারেনি শেষ চারে। তবে এনামুলের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। ৯ ম্যাচে ২ ফিফটিতে ২৯.৪২ গড়ে করেছেন ২০৬ রান।
বড় ধরনের প্রতিশ্রুতি নিয়েই দৃশ্যপটে আবির্ভূত হয়েছিলেন এনামুল। শুরুটা হয়েছিল দুর্দান্তই। কিন্তু পারফরম্যান্সের ধারাটা সেভাবে ধরে রাখতে পারেননি। এবার আবারও যোগ্যতা বলেই দলে এসেছেন। কক্ষচ্যুত হবেন না—আশা করাই যায়।
এনামুল যে দলে ফিরছেন, এমন একটা গুঞ্জন ছিল গত কিছুদিনে। দুদিন আগে এক সাংবাদিক তাঁর নতুন হেয়ার স্টাইল নিয়ে জানতে চাইলে মাথা ঝাঁকিয়ে বলেছিলেন, ‘যদি সুযোগ পাই আর সেঞ্চুরি করতে পারি, উদ্যাপনের সময় সবাইকে চুলের ঢেউ দেখাব! চুল বড় রাখা সে কারণেই।’
এনামুল যদি সত্যি সেটা করতে পারেন, তবে তাঁর এই ঢেউয়ের সঙ্গে নেচে উঠবে পুরো বাংলাদেশ।