এবার ৩০৮ করেও থই পেল না ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ম্যাচে সেঞ্চুরি করেও আড়ালে গিয়েছিলেন। এবার আলোটা টেনে নিলেন বেইলি। ছবি: এএফপি
গত ম্যাচে সেঞ্চুরি করেও আড়ালে গিয়েছিলেন। এবার আলোটা টেনে নিলেন বেইলি। ছবি: এএফপি

রোহিত শর্মা হয়তো এখন হতাশা নিয়ে বলছেন ধুর! দরকার হলে ৯৯ করব, তবু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর কখনো সেঞ্চুরি করব না! সেঞ্চুরি করে দল হারার চেয়ে সেঞ্চুরি না-করলে যদি দল জেতে, তবে তা-ই সই!

এমনটা ভাবলে তাঁকে দোষও দেওয়া যাবে না। বেচারা আর কী করতে পারতেন? টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন, তার পরও দুটি ম্যাচে হারই দেখলেন রোহিত। হার দেখল ভারত। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে গেছে ধোনির দল। রোহিতের জন্য বেশ হতাশার একটা হ্যাটট্রিকও হয়ে গেল এতে। এই দুই ম্যাচ আর গত বছর জানুয়ারিতে সফরের প্রথম ওয়ানডে—তিনটি ম্যাচেই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন এই ২৮ বছর বয়সী, তিনটি ম্যাচেই হেরেছে ভারত!

টানা দুই ম্যাচেই তিন শ ছোঁয়া স্কোর করেও হারল ভারত। আগের ম্যাচে আগে ব্যাট করে ভারত করেছিল ৩০৯ রান, আজ ‘এক’টু অবনতি। টস জিতে আজ ৫০ ওভারে ৩০৮ করেছে ভারত। আগের ম্যাচে হেরেছে ৫ উইকেটে, ‘১’ রান কম করে আজ হারের ব্যবধানটা আরেকটু বড়—৭ উইকেটে হেরেছে ভারত।

রানের বিচারে গ্যাবাতে ৩০৮ খুব একটা খারাপ সংগ্রহ কোনোমতেই নয়। গ্যাবাতে এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডই ছিল ৩০১ রানের। এর চেয়েও সাত রান বেশি করেও ভারত জিততে পারল না অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যানের কারণে। শুধু অধিনায়ক স্টিভেন স্মিথ ৪ রানের জন্য ফিফটি করতে পারেননি। বাকি তিন ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ, শন মার্শ ও গত ম্যাচের সেঞ্চুরিয়ান জর্জ বেইলি সবাই ৭০—পেরোনো ইনিংস খেলেছেন।

প্রথম ম্যাচে তবু বারিন্দর স্রানের কল্যাণে ৫ ওভারের মধ্যেই দুই ওপেনার—ওয়ার্নার ও ফিঞ্চকে আউট করতে পেরেছিল ভারত। আজ ওয়ার্নার নেই, মার্শ-ফিঞ্চের পরিবর্তিত ওপেনিং জুটি শুরুটাও করলেন দুর্দান্ত। ২৫ ওভার না যেতেই দুজনে গড়েছিলেন ১৪৫ রানের জুটি। ম্যাচ তো তখনই অনেকটা অস্ট্রেলিয়ার পকেটে! বাকি কাজটুকু বেশ ধীরে-সুস্থেই সারলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। দ্বিতীয় উইকেটে ২১, তৃতীয় উইকেটে ৭৮ আর অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ৬৫ রানের জুটিগুলোই অস্ট্রেলিয়াকে নিয়ে গেছে জয়ের বন্দরে।

অস্ট্রেলিয়ার এমন হিসেবি ব্যাটিংয়ের সামনে ভারতের বোলারদের পারফরম্যান্স নিয়ে আলাদা করে কিছু বলার থাকে না। ইশান্ত শর্মা, উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন বটে, কিন্তু তাতে তাঁরা নিজেরাই খুশি হতে পারলেন কই!

সংক্ষিপ্ত স্কোর :
ভারত: ৫০ ওভারে ৮/৩০৮ (রোহিত ১২৪, কোহলি ৫৯, রাহানে ৮৯; ফকনার ২/৬৪)

অস্ট্রেলিয়া:
৪৯ ওভারে ৩/৩০৯ ( ফিঞ্চ ৭১, মার্শ ৭১, স্মিথ ৪৬, বেইলি ৭৬, ম্যাক্সওয়েল ২৬)

ফল:
অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ:
রোহিত শর্মা।

ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে মোবাইল থেকে C লিখে পাঠিয়ে দিন 2221 নম্বরে