এবার 'চ্যাম্পিয়ন' হওয়ার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনের ফাঁকেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলে শেষ টেস্টের জন্য কিছু রণকৌশলও সাজিয়ে নিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l শামসুল হক
অনুশীলনের ফাঁকেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলে শেষ টেস্টের জন্য কিছু রণকৌশলও সাজিয়ে নিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l শামসুল হক

ফাইনাল ম্যাচ! প্রায় এক মাসের বাংলাদেশ সফরে আজ শুরু ঢাকা টেস্টই শেষ ম্যাচ পাকিস্তান দলের। সেদিক দিয়ে এই ‘ফাইনাল’ অর্থ হতে পারে ‘শেষ’। কিন্তু কাল সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম কি সেটা বোঝাতেই বলেছেন কথাটা? ‘ফাইনাল ম্যাচ যেহেতু, লক্ষ্য তো অবশ্যই জয়।’
খুলনায় বীরোচিত ড্রয়ের পর থেকেই স্বপ্নটা ডানা মেলছে—ঢাকা টেস্ট জয় করে জিততে হবে টেস্ট সিরিজও। অধিনায়ক মুশফিকের কথার প্রতিধ্বনি কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠেও। একই প্রত্যাশা বাংলাদেশ দলের প্রতিটি খেলোয়াড়েরই। মুশফিকের চোখে ‘ফাইনাল ম্যাচ’ শুধু সিরিজের শেষ ম্যাচই বোঝাচ্ছে না, তা বোধ হয় দলের ভেতর তৈরি হওয়া জয়ের তীব্র আকাঙ্ক্ষার ঘোষণাও দিচ্ছে। এই ‘ফাইনাল’ মানে ‘চ্যাম্পিয়ন’ হওয়ার ‘ফাইনাল’।
ওয়ানডেতে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’, একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জয়। খুলনা টেস্টে দাপুটে ড্র যেন আভাস দিচ্ছে, পাকিস্তানকে টেস্টে হারানোও এখন আর অসম্ভব নয়। আজ শুরু শেষ টেস্টে তা করে দেখাতে পারলে অন্তত পাকিস্তানের বিপক্ষে তো বাংলাদেশকে ‘চ্যাম্পিয়ন’ বলা যাবেই। মুশফিকের চোখে ঢাকা টেস্ট হয়তো এ কারণেই পাচ্ছে ‘ফাইনালে’র মর্যাদা।
গত জিম্বাবুয়ে সিরিজ থেকে বাংলাদেশ দলের যে চেহারা দেখছে সবাই, তাতে এখন তর তর করে ওপরে ওঠাই বড় আকাঙ্ক্ষা। টেস্ট-ওয়ানডে মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ব্যবধান ৮-০। এরপর বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো, কোয়ার্টার ফাইনালে যাওয়া। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও সাফল্যের ধারাবাহিকতা চলছে। শেষ টেস্টটা ড্র হলেও বাংলাদেশ অপরাজিত থেকে শেষ করতে পারবে সিরিজ। মুশফিক-সাকিবরা তার পরও পাখির চোখ করছেন জয়কেই।
বাংলাদেশ দলকে এমন অজেয় চেহারায় দেখা যাবে, কদিন আগেও ছিল ভাবনার অতীত। কাল মুশফিকও বলছিলেন, ‘আমার মনে হয় না, এর আগে এ রকম কখনো হয়েছে। আমাদের জন্য এটা কম চ্যালেঞ্জের ছিল না। সবার প্রত্যাশা ছিল বিশ্বকাপে আমরা যেমন ভালো পারফর্ম করেছি, সেটা ধরে রাখা। টেস্ট সিরিজ এল, এখানেও সবার একই প্রত্যাশা। আশা করব কাল (আজ) যে টেস্টটা শুরু হবে, পাঁচটি দিন সেরা ক্রিকেট খেলে তাতেও আমরা ভালো ফলাফল করতে পারব। তিন মাস ধরে ভালো খেলার কারণে সবাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।’
সংবাদ সম্মেলনের বাইরে খেলোয়াড়দের কথা বলায় কড়াকড়ি চলছে। তবে খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত আলাপে বোঝা যায়, এই টেস্টে ড্রতে সন্তুষ্ট থাকবে না বাংলাদেশ। সবার এক ও অভিন্ন লক্ষ্য—জয়। দলের অভিজ্ঞ এক অলরাউন্ডার যেমন বলছিলেন, ‘জানি না ঢাকার উইকেট কেমন আচরণ করবে। তবে জয় অবশ্যই সম্ভব। শুধু খুলনার ব্যাটিংটা ধরে রাখতে হবে আর আমাদের আরেকটু ভালো বোলিং করতে হবে।’
ঠিক যেন মুশফিকের কথার প্রতিধ্বনি। তবে অধিনায়ক বলেই হয়তো মুশফিকের চিন্তা আরেকটু এগিয়ে। শেষ টেস্টের ফলাফল অনুকূলে আনতে করণীয়ও ঠিক করে রেখেছেন, ‘ওরা (পাকিস্তান) চেষ্টা করবে যেভাবেই হোক ফলাফল ওদের পক্ষে নিতে। আমরাও চেষ্টা করব আগের ম্যাচের ফর্ম যেন শেষ ম্যাচে ধরে রাখতে পারি।’
ফর্ম প্রসঙ্গ উঠলে আলাদাভাবে আসে সাকিব আল হাসানের নাম। খুলনা টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসে ২৫ আর অপরাজিত ৭৬ রান। বল হাতে এক ইনিংসে মাত্র ১ উইকেট। এর আগে ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি মিলিয়ে ফিফটি মাত্র একটি, উইকেট পাঁচটি। মুশফিকের ‘ফাইনাল’ ম্যাচ নিয়ে প্রশ্ন করতেই তাই মুঠোফোনের অন্য প্রান্তে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেন সাকিব, ‘আমাকে প্রশ্ন করছেন কেন? আমি তো এই সিরিজে কিছুই করিনি...।’ সাকিব একেবারেই কিছু করেননি তা নয়, তবে তা যেন মন ভরাতে পারছেন না মুশফিকেরও, ‘ও যেহেতু দলের সেরা বোলার; সাকিব ৫টি উইকেট পাবে, ৬টি উইকেট পাবে—এ রকমই প্রত্যাশা থাকে। কখনো ১-২ উইকেট পেলে ভাবি ওর যোগ্যতামতো হয়তো সাফল্য পায়নি।’
‘ফাইনাল’ ম্যাচে এই সাকিবের কাছেই মুশফিকের চাওয়াটা বিশাল এবং তা সাকিবের কারণেই। মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছে ২০১১ সালের ডিসেম্বরে। পাকিস্তান সে টেস্টে ৭ উইকেটে জিতলেও সাকিব ছিলেন উজ্জ্বল। প্রথম ইনিংসে সেঞ্চুরি (১৪৪), ৮২ রানে ৬ উইকেট। শেরেবাংলা স্টেডিয়ামে আবার পাকিস্তানের মুখোমুখি হয়ে চার বছর আগের সেই সাকিবকেই চান অধিনায়ক, ‘মিরপুরে সাকিবের রেকর্ড খুবই ভালো। আমি ওর দিকেই তাকিয়ে আছি। ব্যাটিং, বোলিং দুটোই যদি ও খুব ভালো করতে পারে, তাহলে এই টেস্ট আমাদেরই হবে।’
‘চ্যাম্পিয়ন’ মানেই আলোর মশাল সর্বদা জ্বলবে, যার হাতেই তা থাকুক না কেন। মুশফিক, তামিম, ইমরুলদের হাত হয়ে ‘ফাইনালে’ সেই মশাল সাকিবের হাতে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। একটা লড়াইয়ে বাংলাদেশ ‘চ্যাম্পিয়ন’ হয়ে যাবে আর তাতে সাকিবের একটু ছোঁয়া থাকবে না, তা কি হয়?