এবারও অনুদান চায় ক্লাবগুলো
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই। ক্রিকেটারদের দৃষ্টি এখন প্রিমিয়ার ক্রিকেট লিগের দিকে। আগামী ১৫ এপ্রিলের মধ্যেই শুরু হয়ে যেতে পারে লিগ। ‘প্লেয়ারস বাই চয়েসে’র সম্ভাব্য নতুন তারিখ ৭ এপ্রিল।
‘প্লেয়ারস বাই চয়েসে’র মাধ্যমে খেলোয়াড় দলবদল হয়ে যাওয়ার কথা ছিল ২৪ মার্চ। কিন্তু একটা সমস্যা এখনো সমাধানের অপেক্ষায় বলে সেটা হয়নি। সমস্যাটা হলো বিসিবির কাছে ক্লাবগুলোর অনুদানের দাবি। এ নিয়ে ভারত সফররত বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আজ মুঠোফোনে আলোচনা হতে পারে সিসিডিএম-প্রধান গোলাম মুর্তজার। সভাপতি অনুদান দেওয়ার সম্মতি দিলে দ্রুতই ঠিক হয়ে যাবে লিগ শুরুর দিনক্ষণ।
সিসিডিএম-প্রধান অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না। কাল মুঠোফোনে শুধু বলেছেন, ‘৩১ মার্চ সিসিডিএমের সভায় সদস্যদের মতামত নিয়ে সেখানেই সব ঠিক হবে। আমাদের ইচ্ছা, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে লিগ শুরু করার।’
বিপিএল শুরুর পর থেকেই বিভিন্ন অজুহাতে বিসিবির কাছ থেকে অনুদান নিয়ে আসছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এবারও ব্যতিক্রম হচ্ছে না বলেই মনে হচ্ছে। এবারের অজুহাত, রিজার্ভ ডের খরচ বহন। বৃষ্টির মৌসুমে লিগ পড়ে যাচ্ছে বলে সিসিডিএম নাকি প্রতি ম্যাচেই এক দিন করে রিজার্ভ ডে রাখছে। আর রিজার্ভ ডে মানেই খেলোয়াড়দের পেছনে বাড়তি খরচ। সে খরচ পোষাতে এবারও ক্লাবগুলোর অনুদান চাওয়া।