এবারও কি খুলনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮তম জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ শুরু হওয়া শেষ রাউন্ডে। শিরোপা জয়ের লড়াইটা বেশ জমজমাট। প্রথম স্তরের চার দলের তিনটিরই আছে শিরোপা জেতার সুযোগ।

প্রথম স্তরে ৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে খুলনা বিভাগ। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা বিভাগ ও ৩২ পয়েন্ট নিয়ে তিনে বরিশাল। ঢাকা-বরিশাল লড়বে সিলেটে। বোনাসসহ জিতলে একটি দলের সর্বোচ্চ ১৮ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। তিন দল তাই চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়েই মাঠে নামবে। তবে ২৬ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের চারে থাকা ঢাকা মহানগর পড়েছে অবনমনের শঙ্কায়।

গাণিতিক হিসাব যা-ই হোক, বর্তমান চ্যাম্পিয়ন খুলনার সম্ভাবনা বেশি উজ্জ্বল। ফতুল্লায় ঢাকা মহানগরের বিপক্ষে খেলবে তারা। খুলনার হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক (৫ ম্যাচে ৩৫৬) তুষার ইমরানের আশা, গতবারের সাফল্য এবারও ধরে রাখতে পারবেন, ‘চ্যাম্পিয়ন হতে আমাদের জিততেই হবে। আমরা আত্মবিশ্বাসী। তবে উইকেট যেমন সবুজ, খেলা আড়াই দিনে শেষ হয়ে যেতে পারে!’

দ্বিতীয় স্তর থেকে প্রথম

স্তরে উঠে আসতে বগুড়ায় রাজশাহী-রংপুরের ম্যাচটি হয়ে গেছে অলিখিত ফাইনাল। পাঁচ ম্যাচে রংপুরের পয়েন্ট ৬২ আর সমান ম্যাচে রাজশাহীর ৫৯। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট।