
গত বছর অক্টোবরে ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট। ১০৮ রানে জিতে সিরিজ ১-১ ড্র করল বাংলাদেশ। ওই টেস্টের সেরা এবং সিরিজ-সেরা দুটি ট্রফিই উঠল বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের হাতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ শেষেও কি বাংলাদেশের কোনো স্পিনারের হাতেই থাকবে ম্যান অব দ্য সিরিজের ট্রফি?
উত্তর জানার জন্য চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে ইংল্যান্ডকে স্পিন দিয়ে বধ করার স্মৃতি এখনো টাটকা বলেই এবারও স্পিনের দিকেই ঝুঁকতে চাইছে বাংলাদেশ। ওই সিরিজের দুই টেস্ট মিলিয়ে বাংলাদেশের স্পিনাররা নিয়েছিলেন ৩৮ উইকেট, পেসাররা মাত্র একটি!
উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো স্পিনে খাবি খাচ্ছে এবং সিরিজ শেষে একজন স্পিনার নায়কের আসনে বসছেন—এটা মোটেও অচেনা দৃশ্য নয়। তবে এই দৃশ্যের সঙ্গে বাংলাদেশের ওই অর্থে খুব একটা পরিচয় ছিল না। টেস্ট জেতার চিন্তাই মাথায় আসত না, প্রতিপক্ষের জন্য এ রকম ফাঁদ পেতে রাখার তো নয়ই। পাছে সেই ফাঁদে না আবার নিজেদেরই পড়তে হয়। নিষ্প্রাণ উইকেট বানিয়ে খেলাটা অন্তত চতুর্থ বা পঞ্চম দিন পর্যন্ত নেওয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামত বাংলাদেশ। খুব নির্দিষ্ট করে বলতে গেলে ইংল্যান্ড সিরিজ থেকেই সেই ভাবনাটা বদলে গেছে।
তবে কি অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্পিনিং উইকেটই হচ্ছে? প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেছেন, নিজেদের শক্তির জায়গাটাই ব্যবহার করা উচিত বাংলাদেশের। কে না জানে, পেসের চেয়ে বাংলাদেশ স্পিন আক্রমণে শক্তিশালী। তবে ১১ বছর আগে অস্ট্রেলিয়ার সর্বশেষ সফরে বাংলাদেশের নায়ক শাহরিয়ার নাফীস আবার মনে করেন, পুরোপুরি স্পিনিং উইকেট বানাবে না বাংলাদেশ। কারণ ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়ার স্পিন ভালো। ওদের দলেও যেহেতু নাথান লায়নের মতো স্পিনার আছেন, হিতে বিপরীত হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য। তাহলে কি পেসবান্ধব উইকেট করা উচিত? সেখানেও তো প্যাট কামিন্স আর জশ হ্যাজলউডদের ভয় থাকছে!
সিরিজ শুরুর আগে কয়েক দিন ধরে অবশ্য আবহসংগীত হিসেবে দুই দলের স্পিনারদের লড়াইটা বেশি শোনা গেছে। কাল অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথও বলেলেন, ‘উইকেট দেখেছি। বেশ মন্থর মনে হলো। সময়ের সঙ্গে স্পিনও করবে। আমরা অবশ্য বিস্মিত নই। এ রকমই হবে বলে ধারণা করেছিলাম।’
যদিও তাঁর প্রতিপক্ষ দলের অধিনায়ক মুশফিকুর রহিম আবার তাঁর মতো এতটা নিশ্চিত নন, ‘আসলে মিরপুরের উইকেট পড়া কঠিন। আবহাওয়া ও কন্ডিশনও ভিন্ন। এ রকম আবহাওয়ায় উইকেটের ধরন সব সময় পরিবর্তন হতে থাকে। দেখা যায় সারা দিন রোদ পাওয়া যায় না, আবার একটা সময় পাওয়া যায়। বোঝা কঠিন।’ সর্বশেষ বিপিএলের পরে মিরপুরের পুরো মাঠই সংস্কার করা হয়েছে, বাদ যায়নি উইকেটও। কে জানে, এ কারণেই হয়তো এই উইকেট কিছুটা দুর্বোধ্য লাগছে মুশফিকের কাছে। হয়তো এ কারণেই বললেন, ‘কন্ডিশনের সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা সেটা কতটুকু কাজে লাগাতে পারি। যতই ভালো কন্ডিশন পান না কেন পারফর্ম করতে না পারলে কিছুই ভালো হবে না।’