এবারও জয়ে শুরু হবে রুমানাদের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি শেষ। এখন মাঠের লড়াইয়ের অপেক্ষা। কিন্তু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ালটন ওয়ানডে সিরিজ শুরু করতে পারবে বাংলাদেশ নারী ক্রিকেট দল?
প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান মোটেও উজ্জ্বল নয়। সিরিজ জয় দূরে থাক, ওয়ানডেতে ওদের সঙ্গে ছয় ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। একমাত্র জয়টা সালমা-রুমানারা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম সাক্ষাতেই। ২০১২ সালের ৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে আরেকটি সিরিজের আগে সেই জয় অনুপ্রাণিত করছে অধিনায়ক রুমানা আহমেদকে, ‘ভালো স্মৃতি সব সময়ই মনে থাকে। খারাপ স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি। এগোতে হলে ভালো পারফরম্যান্স থেকে প্রেরণা খুঁজে নিতে হয়। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের একটা জয় আছে। ওদের সঙ্গে বেশ কয়েকটা ক্লোজ ম্যাচও ছিল। আশা করি, এবারও ভালো কিছু হবে।’
চার বছরের আগের দৃশ্যের পুনরাবৃত্তি করতে হলে বাংলাদেশকে ভালো করতে হবে প্রতিটি বিভাগেই। তবে বোলিং-ফিল্ডিংয়ের চেয়ে মেয়েদের ক্রিকেটে দুশ্চিন্তা আসলে ব্যাটিং নিয়ে। দ্রুত সমস্যাটা কাটিয়ে উঠতে রুমানা অবশ্য আশাবাদী, ‘প্রস্তুতি যেভাবে নিই, ম্যাচে সেটি পুরোপুরি কাজে লাগাতে পারি না অনেক সময়। বোলিংয়ে ভালো হলেও আমাদের চিন্তা ব্যাটিং নিয়ে। তবে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ভালো হয়েছে। ২০০-এর বেশি স্কোর হয়েছে আমাদের। দক্ষিণ আফ্রিকার সঙ্গেও ২০০-এর বেশি রান করতে পারলে আশা করি ভালো কিছু হবে।’