এবারও দায়সারা আয়োজন!
জাতীয় লিগ নিয়ে বিসিবি কর্মকর্তাদের তর্জন-গর্জনই সার। বাস্তবে কথা রাখে না কেউ। প্রতিবারই বলা হয় ‘আগামীবার’ থেকে সবকিছু ঠিকঠাকভাবে হবে। কিন্তু সেই ‘আগামীবার’ আর আসে না। জাতীয় লিগ চলতে থাকে দায়সারাভাবেই।
জাতীয় ক্রিকেট লিগ: এক দিন পিছিয়ে শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে
এবারও ধারাবাহিকতা বজায় থাকছে। ১৭ সেপ্টেম্বর থেকে জাতীয় লিগের প্রথম পর্ব শুরু হওয়ার কথা ছিল। কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছায় কন্ডিশনিং ক্যাম্প এক দিন বাড়ানোয় লিগও এখন শুরু হবে এক দিন পিছিয়ে ১৮ সেপ্টেম্বর থেকে। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেনি কোনো দলই। একমাত্র রাজশাহী বিভাগের খেলোয়াড়েরাই অনুশীলন চালিয়ে যাচ্ছে। তবে সেটা দল হিসেবে নয়, নিজেদের উদ্যোগে। আগামী শনিবার থেকে অনুশীলন শুরু করার কথা সিলেটের ক্রিকেটারদেরও। বাকি দলগুলোর খেলোয়াড়েরা জানেই না কবে থেকে তাদের অনুশীলন। এক ক্রিকেটার তো উল্টো এমনও প্রশ্ন করে বসলেন, ‘অনুশীলন শুরু হবে কীভাবে! দল দিয়েছে নাকি?’
প্রশ্নটা যৌক্তিক। কারণ প্রতিটি বিভাগের জন্য ১৫ জনের যে চূড়ান্ত দলটা নির্বাচকেরা করে দেন, সেটি এখনো ঘোষণা হয়নি। তবে বিভাগগুলো থেকে ৩০ জনের করে প্রাথমিক দল বিসিবির টুর্নামেন্ট কমিটিতে দেওয়া হয়েছে। চূড়ান্ত দল বাছাই হবে সেখান থেকে। কিন্তু সেটা কবে, কবেই বা অনুশীলন শুরু করতে পারবে দলগুলো? বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খানের উত্তর, ‘জাতীয় দলের কোচ ঢাকায় ফিরলে ৬ সেপ্টেম্বর তার সঙ্গে নির্বাচকেরা সভা করবেন। এরপর আশা করি ৭-৮ তারিখের মধ্যে চূড়ান্ত দল দিয়ে দিতে পারব।’ জাতীয় লিগের খেলা এবার হবে খুলনা, রাজশাহী, বগুড়া ও ফতুল্লায়। তার মানে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে লিগ আয়োজনের প্রতিশ্রুতিটাও থেকে যাচ্ছে অপূর্ণ।
ঈদের আগে লিগের একটা পর্বের খেলা হওয়ার কথা এবং সেটা মূলত জাতীয় দলের ক্রিকেটারদের কথা মাথায় রেখেই। অস্ট্রেলিয়া সিরিজের আগে এটাই হবে তাদের ম্যাচ প্রস্তুতির একমাত্র সুযোগ। ঈদের পর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি। একটি সূত্র অবশ্য জানিয়েছে, প্রস্তুতির কিছু অংশ আরও আগেই শুরু করে দিতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু প্রধান কোচের সঙ্গে কোচিং স্টাফের অন্যরাও ছুটিতে থাকায় সেটা সম্ভব হচ্ছে না। টেস্ট অধিনায়ক নাকি সে জন্য কিছুটা বিরক্তও। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাঈমুর রহমান অবশ্য বলেছেন, ‘এ ধরনের কিছু আমি শুনিনি।’