এবারও পারল না ক্যারিবীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঙ্কাদুর্গ আর জয় করা হলো না ওয়েস্ট ইন্ডিজের। টেস্টের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজটা অধরা থেকে গেল ক্যারিবীয়দের কাছে। পরশু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজজয়ী শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে ১৯৯৩ সালে। তিন ম্যাচের সিরিজটা ১-১-এ ড্র হয়েছিল। এরপর ২০১১ সালেও ২-০-তে হারে ক্যারিবীয়রা।
শ্রীলঙ্কার জয়ের নায়ক কুশল পেরেরা ক্র্যাম্প নিয়ে ব্যাটিং করেছেন। বীরত্বের পুরস্কারটা অবশ্য পুরোপুরি পাননি এই ওপেনার। আউট হয়েছেন ৯৯ রানে। বৃষ্টিতে ৩৮ ওভারের নেমে আসা ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২১৪ রান। পাঁচ বলের মধ্যে শেষ চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, চারটিই রানআউট। কিন্তু ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে স্বাগতিকেরা লক্ষ্য পায় ২২৫ রানের। পেরেরা যখন আউট হলেন ম্যাচটা পুরোপুরিই চলে গেছে শ্রীলঙ্কার হাতে। দ্বিতীয় উইকেটে কুশলকে নিয়ে ১৫৬ রানের জুটি গড়া লাহিরু থিরিমান্নে করেছেন অপরাজিত ৮১ রান। এএফপি, ক্রিকইনফো।