এবারও শুভেচ্ছাদূত টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

মিচেল জনসন, শেন ওয়াটসন, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, কুমার সাঙ্গাকারা। গত মাসে এই তারকা পঞ্চককে আগামী ক্রিকেট বিশ্বকাপের শুভেচ্ছাদূত মনোনীত করেছিল আইসিসি। কাল সংখ্যাটা হয়ে গেল ছয়। এবার পাঁচ তারকার সঙ্গী হয়েছেন শচীন টেন্ডুলকার। কাল আইসিসি এই ক্রিকেট কিংবদন্তিকে শুভেচ্ছাদূত করার ঘোষণা দিয়েছে। ২০১১ বিশ্বকাপেও শুভেচ্ছাদূত ছিলেন টেন্ডুলকার। দূত হিসেবে টেন্ডুলকারদের কাজ হবে বিশ্বকাপ নিয়ে লোকজনের আগ্রহ-উদ্দীপনাকে আরও বাড়িয়ে দেওয়া। বিভিন্ন প্রমোশনাল ইভেন্টেও অংশ নিতে হবে তাঁদের।
গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া টেন্ডুলকার আবারও দূত হতে পেরে বেশ আপ্লুত, ‘টানা দ্বিতীয়বারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শুভেচ্ছাদূত হতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত। গত ছয়টি বিশ্বকাপ খেলার পর যেহেতু এবার আমি শুধুই দর্শক, তাই আসন্ন বিশ্বকাপে অন্য রকম অভিজ্ঞতাই হবে আমার। সম্ভবত ১৯৮৭ বিশ্বকাপের মতোই হতে পারে ব্যাপারটা। সেবার আমি বলবয় ছিলাম, আর প্রতিটি বলেই সোৎসাহে চিৎকার করতাম।’
নিয়োগের খবরটা জানাতে গিয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন প্রশংসায় ভাসিয়েছেন টেন্ডুলকারকে, ‘নিজেদের সবচেয়ে বড় ও সম্মানজনক টুর্নামেন্টে শচীনকে আবার শুভেচ্ছাদূত করতে পেরে আইসিসি আনন্দিত। শচীন শুধু ক্রিকেটারদের অনুপ্রেরণাই নয়—ধৈর্য, অধ্যবসায়, মেধা, ব্যক্তিত্ব ও দায়িত্বশীলতার জন্য সব ক্রীড়াবিদের জন্যই অনুপ্রেরণা।’

বিশ্বকাপ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ মার্চ। আইসিসি বিজ্ঞপ্তি।