এবারও সুযোগ হাতছাড়া হওয়ার আফসোস

কিছু আফসোস। কিছু ব্যথা। ভুল থেকে কিছু শেখার প্রতিজ্ঞা। হেরে যাওয়া ম্যাচ, হেরে যাওয়া সিরিজের শেষ দৃশ্যে এসবেরই অবতারণা ঘটে। কাল ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামেও শোনা গেল সেসব। বক্তা বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
ভারতের বিপক্ষে টেস্ট জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখেনি। তবু হেরে গেলে প্রশ্নটা আসেই—কেন হারল বাংলাদেশ? মুশফিকের কণ্ঠে সুযোগ হাতছাড়া হওয়ার আফসোস, ‘আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। প্রথম ইনিংসে ওদের ৫৫০ রানে আটকাতে পারলে হয়তো দ্বিতীয় ইনিংসে ওরা আরেকটু ব্যাট করত। দ্বিতীয় ইনিংসে তখন চার সেশনের বদলে তিন সেশন ব্যাট করতে হতো আমাদের। প্রথম ইনিংসে ১৫০-১৭০ রান বেশি দিয়ে ফেলেছি। আমাদের প্রথম চার ব্যাটসম্যানের কেউ বড় স্কোর করলে আমরা ওদের প্রথম ইনিংসের রানের কাছাকাছি যেতে পারতাম।’
ম্যাচ জিততে শেষ দিনে ৭ উইকেট হাতে নিয়ে ৩৫৬ রান করতে হতো বাংলাদেশকে। ড্র করতে দরকার ছিল পুরো দিন ব্যাট করা। আর মুশফিকদের পরিকল্পনা ছিল ধাপে ধাপে এগোনোর, ‘আমাদের পরিকল্পনা ছিল লাঞ্চ পর্যন্ত যতটা সম্ভব কম উইকেট হারানো। তারপর ইনিংসটাকে চা-বিরতি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। শেষ সেশনে ভিন্ন পরিকল্পনা হতো। কিন্তু তার আগেই অলআউট হয়ে গেছি।’
প্রথম ইনিংসে সাকিবের বাজে শট নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমও অনেকটা সে রকম এক শট খেলেই উইকেট বিলিয়ে দিলেন। এ নিয়ে অধিনায়কের আত্মগ্লানি আছে, প্রতিজ্ঞা আছে ভবিষ্যতে ভুল থেকে শেখারও। তবে বাজে শটই যে আউটের একমাত্র কারণ নয়, মুশফিক তা-ও মনে করিয়ে দিলেন, ‘রক্ষণাত্মক খেলে কখনোই কোনো ম্যাচ বাঁচানো বা জেতা সম্ভব নয়। সাকিব তো আজ (গতকাল) একটা বলও মারতে যায়নি, তারপরও আউট হয়ে গেছে। আমি প্রথম ইনিংসে একটা বাজে বলও খেলিনি। তারপরও আউট হয়ে গেছি। এটা আসলে বলা যায় না কখন কে কীভাবে আউট হবে।’ আউট নিয়ে অধিনায়কের একটাই খেদ, ‘আমাদের উইকেটগুলো হয়তো ভুল সময়ে পড়ে গেছে।’
নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ কেটেছে হতাশায়। ভারত থেকেও আজ দল ফিরবে কিছু সুযোগ হাতছাড়া করার আফসোস নিয়ে। এই দুই সিরিজে তবু টেস্টে উন্নতির রেখাটা স্পষ্ট মুশফিকের চোখে, ‘উন্নতি তো অবশ্যই হচ্ছে। চার-পাঁচ বছর আগে আমরা এক টেস্টে ভালো খেললে এর আট-নয় মাস পরে গিয়ে আরেকটা টেস্টে ভালো খেলতাম। সেখান থেকে বেরিয়ে এসেছি। শেষ তিনটি টেস্ট হারলেও আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আমরা পাঁচ দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম।’ মুশফিক মনে করেন, টেস্টে ভালো দল হয়ে উঠতে প্রতিপক্ষের চোখের দিকে তাকিয়ে লড়াই করতে হবে, ‘আগে আমরা মাঝেমধ্যে এক-দুটি টেস্ট ভালো খেলতাম। এখন নিয়মিত ভালো খেলছি। আরও এগিয়ে যেতে হলে ধারাবাহিকভাবে পাঁচ দিন ভালো খেলা প্রয়োজন। নিউজিল্যান্ডে আমরা দুই টেস্টেই তিন দিন সমানতালে লড়েছি। এখানে সাড়ে তিন দিন। এটাকেই পাঁচ দিন করতে হবে। আশা করি, আরও কিছু টেস্ট খেললে আমরা এই জায়গায় উন্নতি করতে পারব।’
উন্নতি করতে হবে বোলিং আর ফিল্ডিংয়ে। উন্নতি করতে হবে মানসিকতায়, যাতে মাঠেই প্রতিপক্ষের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নেওয়া যায়। মুশফিক বলছিলেন, ‘ওয়ানডে বা টি-টোয়েন্টিতে একদিন সবকিছু ঠিক করলেই যেকোনো দলকে হারানো যায়। টেস্টে ব্যাপারটি ভিন্ন। প্রথম ইনিংসে ভালো খেললে পরের ইনিংসে প্রতিপক্ষ অন্য পরিকল্পনা নিয়ে আসে। সেটির সঙ্গে মানিয়ে নিতে হয়। এসব জায়গায় আমাদের অনেক উন্নতি করতে হবে।’