এবারও সেই অশ্বিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েই দুর্ভাবনা অস্ট্রেলিয়ার l ফাইল ছবি
রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েই দুর্ভাবনা অস্ট্রেলিয়ার l ফাইল ছবি

টেস্টের আগের দিন উইকেট দেখে কী মনে হচ্ছে স্টিভেন স্মিথের?
পুনের এই মাঠে আগে কখনো টেস্ট হয়নি। তবে অস্ট্রেলিয়ান অধিনায়কের কাছে এ মাঠ অচেনা নয়। গত বছর আইপিএলে পুনে সুপারজায়ান্টসে নাম লেখানোর পর থেকে এটাই তাঁর ঘরের মাঠ। সেই অভিজ্ঞতা থেকেই কাল স্মিথ বলে দিলেন, প্রথম বল থেকেই এখানে স্পিন ধরবে। আর স্পিন ধরা মানেই তো একজনকে নিয়ে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা বেড়ে যাওয়া—রবিচন্দ্রন অশ্বিন! ভারতীয় এ অফ স্পিনারের জবাব কি আছে অস্ট্রেলিয়ার কাছে?
এই তো কয়েক দিন আগে স্বয়ং স্টিভ ওয়াহ তাঁকে এই মুহূর্তের ‘বোলিংয়ের ব্র্যাডম্যান’ বলেছেন। অন্য কোনো সময় হলে প্রশংসাটা বাড়াবাড়ি মনে হতো হয়তো। কিন্তু অশ্বিন যে সদ্যই টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদে এই তো সেদিন তামিলনাড়ুর এ স্পিনার গড়েছেন এই কীর্তিটা, যেটি ক্যারিয়ারের ৪৫তম টেস্ট। ৪৮তম টেস্টে ২৫০ উইকেট নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন ডেনিস লিলি। সর্বশেষ ১২ মাসে ১৩ টেস্টে ২৪.২৫ গড়ে ৭৮ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আটবার, ম্যাচে ১০ উইকেট তিনবার—এই অশ্বিনকে নিয়ে অস্ট্রেলিয়া উদ্বিগ্ন তো থাকবেই! ক্রিকেটবোদ্ধারা যে এই সিরিজে ভারতের একতরফা আধিপত্য অনুমান করছেন, সে অশ্বিনের এই দুর্দান্ত ফর্মটাকে মাথায় রেখেই। আবার যে স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়াকে একেবারে বাতিল করে দিতে রাজি নন, তিনিও বলেছেন, ‘আমরা ভারত থেকে কেমন ফল নিয়ে ফিরি সেটা নির্ভর করছে, স্মিথরা অশ্বিনকে কেমন খেলে তার ওপর। ওর বোলিং সামলাতে পারলেই অস্ট্রেলিয়া একটা পথ খুঁজে পাবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত নিজের মাঠে খেললে তাদের স্পিনারদের বড় ভূমিকা থাকবে, এটাই সত্য। ২০০০-০১ মৌসুমে স্টিভ ওয়াহর সেই সর্বজয়ী দলটিও খেই হারিয়েছিল হরভজন সিংয়ের সামনে পড়ে। ২০০৪ সালে যে সিরিজটা অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জিতে গিয়েছিল, সেখানেও অনিল কুম্বলে আর হরভজন মিলে নিয়েছিলেন ৪৮ উইকেট। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ সিরিজেও ২৯ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন অশ্বিন। এই চার বছরে শুধু অভিজ্ঞতাই বাড়েনি ভারতীয় অফ স্পিনারের, এখন তিনি একই সঙ্গে আইসিসির টেস্ট র্যা ঙ্কিংয়ে সেরা বোলার ও সেরা অলরাউন্ডার।
আর এমন একজন যখন বোলিংয়ে রবীন্দ্র জাদেজার মতো একজন সঙ্গী পান, আর কী লাগে। বোলারদের টেস্ট র্যা ঙ্কিংয়ে অশ্বিন যদি এক নম্বর তো জাদেজাও দুইয়ে। এরপরও যদি অস্ট্রেলিয়া ঘূর্ণিপাকে খাবি না খায়, সেটা তাদের জন্য হবে বিশাল কৃতিত্ব! সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সংখ্যায় সংখ্যায়
৩৬৩০
সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের, ২৫৫৫ রান নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।

১১১
সবচেয়ে বেশি উইকেট ভারতের অনিল কুম্বলের। ৫৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেটশিকারি ব্রেট লি।
২৫
ভারতের ২৫তম ও বিশ্বের ১১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের।
১১
ভারতের মাটিতে সর্বশেষ ১১ টেস্টে জয় পায়নি অস্ট্রেলিয়া। এ সময় মাত্র ২টি ম্যাচ ড্র করা অস্ট্রেলিয়া হেরেছে সর্বশেষ ৭ ম্যাচেই।