এবি-কোহলির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের দুই সেরা ব্যাটসম্যান একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের কী অবস্থা হতে পারে, সেটির উত্তর কালকের গুজরাট লায়ন্স। আইপিএলে কাল বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স দুজনই দেখা দিলেন সংহার মূর্তিতে। তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে গুজরাট হারল ১৪৪ রানে।
এবারের আইপিএলে তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন কোহলি, ডি ভিলিয়ার্স প্রথম। একটা রেকর্ডও হয়ে গেছে, স্বীকৃত টি-টোয়েন্টিতে দুই সেঞ্চুরিতে দুজন মিলে গড়লেন সর্বোচ্চ ২২৯ রানের জুটি। এর আগের ২১৩ রানের জুটির রেকর্ডটিও অবশ্য তাঁদেরই ছিল (গত মৌসুমে, মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে)।
শুরু থেকেই ঝড় তোলা ডি ভিলিয়ার্স সেঞ্চুরি করেছেন মাত্র ৪৩ বলে। শেষ পর্যন্ত ৫২ বলে অপরাজিত ছিলেন ১২৯ রানে, তাতে ছক্কা ১২টি, চার দুটি কম। তুলনায় কোহলি এগোচ্ছিলেন ধীরে চলো নীতিতে। ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির সময়ে তাঁর রান ছিল ৪০ বলে ৫১। কিন্তু এরপরই তুললেন ঝড়, ১০৯ রানে আউট হওয়ার আগে আরও ৫৮ রান করেছেন মাত্র ১৪ বলে!
দুজনের সেঞ্চুরিতে ভর করে ২৪৮ রান করেছিল বেঙ্গালুরু, জবাব দিতে নেমে পুনে অলআউট হয়ে যায় মাত্র ১০৪ রানে। সূত্র: ক্রিকইনফো।