
এ মুহূর্তে সে-ই যে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান, তাতে আর কোনো সংশয়ই রাখল না এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার উচিত বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় এই বিষয়টিকেই পুঁজি করা এবং সেটাকে বাড়তি সুবিধা হিসেবে কাজে লাগানো।
মানুষ হিসেবে ও এমনিতেই বেশ বিনয়ী ও ভদ্র। নিজেকে ওভাবে উপস্থাপন করতে এবির বাড়তি কিছু আরোপ করতে হয় না। তাই বলে এমন নয় যে, এটাকে কোনো কৌশল হিসেবে ব্যবহার করা যাবে না। আমাদের এ বিষয়টিও মাথায় রাখতে হবে।
ওর আগে যারা ব্যাট করতে নামে তারাও ভালো আক্রমণ করতে পারে এবং বোলারদের চাপে ফেলার সামর্থ্য তাদেরও আছে। অধিনায়কের আসার তখনো বাকি, এটা মাথায় থাকে বলে আসলেই তাদের জন্য কাজগুলো সহজ হয়ে যায়। সব ধরনের ইনিংস খেলার সামর্থ্য আছে এবির, আছে যেকোনো গতিতে ব্যাট করার দক্ষতা। যদি সবচেয়ে ঝোড়ো ইনিংসটা খেলতে বলেন, সেটাও সে বিশ্বের অন্য যেকোনো ব্যাটসম্যানের চেয়ে ভালো পারবে।
এটা ঠিক যে তার পক্ষে সব সময় সফল হওয়া সম্ভব নয়। তবে ভাবমূর্তি এমন একটা ব্যাপার, যা প্রতিপক্ষের আচরণ এবং পারফরম্যান্সে প্রভাব ফেলবেই। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম বা ডেভিড ওয়ার্নারের কথাই ধরুন না। যদিও সন্দেহাতীতভাবেই বলা যায়, এবির ভাবমূর্তি এদের যে কারও চেয়ে ভয়ংকর।
একজন ব্যাটসম্যান কত নম্বরে ব্যাট করতে নামবে, সেটা জানা থাকা সব সময়ই ভালো। তবে এর যে নড়চড় হতে পারে এবং তার একটা প্রভাবও খেলায় পড়ে, আমি তা বুঝতাম। ডানহাতি ব্যাটসম্যান, না বাঁহাতি ব্যাটসম্যান, নির্দিষ্ট বোলারের বিপক্ষে ব্যাটসম্যানের ব্যাটিংয়ের ধরন, মাঝের ওভার ও ডেথ ওভারের ব্যাটিং—এ সবকিছুরই একটু না একটু ভূমিকা থাকে। কিন্তু এবি যে নিজেই নিজের একটা পরিচয় দাঁড় করিয়ে নিয়েছে!
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হারের বিশাল ব্যবধান এবং এর তাৎপর্য নিয়ে এখন আর দুঃখ করার কিছু নেই। ১৩০ রানের হার নিশ্চিতভাবেই অনেক আহত করে থাকবে এবিকে। ওই অবস্থা থেকে ফিরে আসার প্রতিজ্ঞা ছিল তার মধ্যে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৭ রানের বিশাল জয় সম্ভবত তার সেই স্বপ্নকেও ছাড়িয়ে গেছে।
ভারত-দক্ষিণ আফ্রিকা দুই দলই চাইবে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করতে। এদিক দিয়ে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে। বড় দুটি ম্যাচ এর মধ্যেই জিতে যাওয়ায় তারা হয়তো কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডকে এড়াতে পারবে। এটা ঠিক যে সেরা হতে হলে একটা দলকে সেরাদের হারিয়েই এগিয়ে যেতে হয়। তাই বলে কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়াটা ঠিক হবে না।
দক্ষিণ আফ্রিকার এই দলে একাদশ বিন্যাস নিয়ে নাড়াচাড়া করার সুযোগ অনেক বেশি, যেটা এর আগে সম্ভবত আমিও দেখিনি। আপনি যেভাবেই দল গড়ুন না কেন, মৌলিক ভারসাম্য সব সময়ই ঠিক থাকছে। দল নির্বাচন নিয়ে আমরা স্বস্তিতে আছি অনেক বছর ধরেই। তিন বা চারজন অলরাউন্ডারের উপস্থিতি সব সময় কাজটা সহজ করে দিয়েছে। এখন অবশ্য দিন বদলেছে। দল নির্বাচনে আরও সৃষ্টিশীলতা দেখানো প্রয়োজন। এটিকে সমস্যা হিসেবে না দেখে আমি বরং চ্যালেঞ্জ হিসেবেই দেখতে চাই। (হক-আই)