এভাবে ভারতের জয় মানতে পারছেন না ইউনিসও

ভাবনাটি একটু অন্যরকমই বটে। ওয়াকায় কিংবা লর্ডসে খেলা হচ্ছে কিন্তু পিচে নেই একটুকু বাউন্স কিংবা সুইং। অথবা মিরপুরে খেলা হচ্ছে কিন্তু বাউন্সারে বাউন্সারে নাভিশ্বাস উঠছে ব্যাটসম্যানদের। নিজেদের মাঠে খেলার সুবিধা ক্রিকেটে বড় ভূমিকা পালন করে বলেই ‘হোম অ্যাডভান্টেজ’ কথাটা এত উচ্চারিত হয়। কিন্তু সম্প্রতি ঘরের মাঠের সুবিধা নিয়ে এত কথা হচ্ছে, টস বাতিলের মতো যুগান্তকারী পরামর্শও আসছে। তাতে খোরাক জোগালেন ইউনিস খানও। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের মতে, এমন কিছু করা উচিত, সারা বিশ্বে উইকেট থাকবে একই রকম। ভিন্ন ধরনের কিছু নয়।
দক্ষিণ আফ্রিকাকে নাকানি-চুবানি খাইয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। অথচ এর কদিন আগে ভারতকেই তাদেরই মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। স্পিন স্বর্গ বানিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেশ আয়েশ করে সিরিজ জিতে নিয়েছেন বিরাট কোহলিরা। কিন্তু এ রকম একপেশে ম্যাচ জেতা দেখতে না কি মোটেও ভালো লাগেনি ইউনিসের।
এ ধরনের একপেশে ম্যাচ ঠেকানোর জন্য আইসিসিকেই সতর্ক হতে বলছেন প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে দশ হাজার রানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই ব্যাটসম্যান। কারও হয়তো মনে হতে পারে, প্রতিদ্বন্দ্বীদের সাফল্যে ঈর্ষাকাতর হয়ে এসব বলছেন ইউনিস। কিন্তু ইউনিসের তাঁর ব্যাখ্যাতেই বোঝা যায়, টেস্টের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই এমনটা বলছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজটি টেস্টের জন্য খুবই খারাপ বিজ্ঞাপন ছিল। ম্যাচের প্রথম দিন থেকে বল ঘুরছিল এই সিরিজে। এই ধরনের পিচ প্রতিদ্বন্দ্বিতার আমেজটাই নষ্ট করে দেয়।’
এ প্রসঙ্গেই ইউনিস মনে করিয়ে দিলেন, ইদানীং অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মাঠগুলোতেও আগের মতো খুব বেশি বাউন্স কিংবা পেস দেখা যায় না। আগের চরিত্র হারিয়ে ফেলছে পিচগুলো। ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো তো অনেক দিন ধরেই নিজের চরিত্র হারিয়ে বসেছে। এখন কেবল দক্ষিণ আফ্রিকা ও উপমহাদেশের উইকেটগুলোই নিজেদের চরিত্র বজায় রেখেছে।
ইউনিসের মতে, আইসিসির উচিত এখন সব দেশের পিচই যেন একই ধরনের হয় সে দিকে গুরুত্ব আরোপ করা। তাহলেই স্বাগতিক দলগুলোর আধিপত্য কমবে। অন্তত উইকেট নিজেদের মতো করে বানিয়ে তা থেকে অনৈতিক সুবিধা কেউ নিতে পারবে না। টেস্ট ক্রিকেটও এমন একপেশে হবে না। এমনিতেই টেস্টের দর্শক সংখ্যা হু হু করে কমছে।
প্রস্তাবটা ভালো সন্দেহ নেই। টি-টোয়েন্টির আগ্রাসনের যুগে টেস্ট ক্রিকেটের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে গেছে। এর মাঝে একতরফা ম্যাচ টেস্ট ক্রিকেটের আকর্ষণ কমিয়ে দিচ্ছে আরও।
‘হোম অ্যাডভান্টেজ’-এর অন্যায় সুবিধা কেউ নিতে না পারলে ম্যাচে লড়াই হতেও পারে। সম্ভাবনা অন্তত বাড়বে। কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দেশগুলোর নানা আবহাওয়ায় পিচের চরিত্র সব দেশেই একই রকম রাখা কি আদৌ সম্ভব?
ইউনিসের বক্তব্যে এর ব্যাখ্যা নেই। তবে খুব সম্ভবত তাঁর বক্তব্যের সার কথা ওয়াসিম আকরামের বক্তব্যের সঙ্গে মেলে। আকরাম বলেছিলেন, টেস্টে নিরপেক্ষ আম্পায়ারের মতো সময় এসেছে নিরপেক্ষ কিউরেটর নিয়োগ দেওয়ার। আইসিসির দায়িত্বে থাকা কিউরেটরই যেকোনো টেস্ট সিরিজের পিচ বানাবেন।