এভাবে 'পয়েন্ট' চাননি মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহ খেলতেই চেয়ে​ছিলেন। ছবি: শামসুল হক
মাহমুদউল্লাহ খেলতেই চেয়ে​ছিলেন। ছবি: শামসুল হক

সকালে বৃষ্টি থামলে আকাশের হাবভাব বুঝে দুই দল এল মাঠে। বাংলাদেশ দল এল সাড়ে এগারোটার দিকে। দক্ষিণ আফ্রিকা বারোটায়। একটু আগে আসায় বাংলাদেশ দল যাও-বা গা গরমের সুযোগ পেল, দক্ষিণ আফ্রিকা তাও নয়। প্রকৃতি আবারও স্বরূপে! অগত্যা চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত।। আর তাতে ঢাকা টেস্টের পরিণতিও নির্ধারিত হয়ে গেল অনেকটাই।
এই টেস্ট ‘ড্র’ হলে অবশ্য বাংলাদেশেরই লাভ। আইসিসির টেস্ট-র‍্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বাড়বে ৬ টি। ঝুলিতে ৪৭ পয়েন্ট যোগ হলেও তাতে র‍্যাঙ্কিংয়ে কোনো অদল-বদল অবশ্য হবে না। তাই এমন পয়েন্টে কোনো আনন্দও নেই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। এর চেয়ে খেলাটা মাঠে গড়ালে অভিজ্ঞতার ঝুলিটা বরং সমৃদ্ধ হওয়ার সম্ভাবনাটা থাকত।
বৃষ্টির বদান্যতায় টেস্ট ড্রয়ে যেকোনো আনন্দ নেই—সেই বিশ্বাস বাংলাদেশের প্রতিটি ক্রিকেটারেরই। তাদের প্রতিনিধি হয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হওয়া মাহমুদউল্লাহর কণ্ঠেও একই সুর, ‘বৃষ্টির কারণে পয়েন্ট পেয়ে কোনো লাভ নেই। খেলাটা হলে আমরা মাঠে নিজেদের প্রমাণের সুযোগ পেতাম। সেটাই বরং বেশি উপভোগ্য।’ কাল বৃষ্টি না হলে খেলার চেহারাটা কী হবে, সেটাও বুঝতে পারছেন না তিনি, ‘আবহাওয়ার ওপর তো আর কারও হাত নেই। আগামীকাল আবহাওয়া ভালো থাকলে কী করব, জানা নেই।’

ঢাকা টেস্টের চার দিনের তিন দিনই চলে গেল বৃষ্টির পেটে। বাকি রইল মাত্র একটা দিন। ম্যাচের ফল যা-ই হোক, টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখার এই সুযোগ অনেকটা হাতছাড়া হওয়ায় কিছুটা আক্ষেপ মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘পুরো পাঁচ দিন যদি দুটি টেস্ট ম্যাচ খেলতে পারতাম, খুবই ভালো হতো। জয়-পরাজয় যে ফলই হতো, কাজে দিত। কারণ, বিশ্বের সেরা দলটির বিপক্ষে খেলছি। আমাদের জন্য ইতিবাচক হতো, ভালো হতো। আমাদের স্কিল আরও ঝালিয়ে নিতে পারতাম।’
বৃষ্টির কারণে হোটেলে এক প্রকার অলস সময়ই কাটছে খেলোয়াড়দের। লড়াইয়ের মাঝে এমন বিরতি রীতিমতো বিরক্তিকর লাগছে সবার। তবে মাহমুদউল্লাহ মনে করেন বিশ্রামের সময়টা উপভোগই করা উচিত, ‘খুব কঠিন একটা বিষয়। আপনি যখন পাঁচ দিন মাঠে নামার পরিকল্পনা ও মানসিক প্রস্তুতি নিয়ে নামবেন, এরপর টানা তিন দিন খেলা পরিত্যক্ত হলে স্বাভাবিকভাবেই বিরক্তিকর। এ সময়ে ব্যক্তিগত প্রস্তুতিও প্রয়োজন, যাতে মনোযোগ সরে না যায়। তবে হোটেলে বিশ্রামের সময়টাও উপভোগ করা উচিত। এরপর যখন মাঠে আসব তখন আমাদের আবারও ‘‘সুইচ অন’’ করতে হবে।’
যখন এভাবে খেলা বাতিল হয়, হঠাৎ পাওয়া বিরতিতে হোটেল সময় কাটে কীভাবে? মাহমুদউল্লাহ জানালেন, রুমের সময়টা বাদে অধিকাংশ সময় ক্রিকেটীয় ভাবনা থাকে সবার মধ্যে, ‘আজ সকালে ইমরুলের সঙ্গে নাশতা খাওয়ার সময় আলাপ করছিলাম, ম্যাচ হলে কী হতে পারে। এগুলো প্রায়ই আমরা আলাপ করি। রুমে যখন থাকি তখন নিজেদের মতো সময় কাটাই। যখন বের হই তখন ক্রিকেট নিয়েই আলোচনা করি। যেমন-পরিস্থিতি কী হতে পারে? আমাদের কী করা উচিত? এমন একটু-আধটু আইডিয়া শেয়ার করা হয়।’
মেঘ ফুঁড়ে বিকেলে সূর্যের দেখা অবশেষে মিলেছে। রৌদ্রকরোজ্জ্বল এ মিষ্টি বিকেল একটু আফসোসও যেন বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ দল চাইলে সূয্যি মামাকে জিজ্ঞেস করতে পারে, এ দুদিন কোথায় ছিলেন?