এভাবেই ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন স্টোকসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের শুরুতে বল হাতে বাংলাদেশের দিকে যেন গোলা ছুড়েছেন। দলের প্রয়োজনে পরে ব্যাটটাকেও ঢাল বানিয়ে দাঁড়িয়ে গেলেন বেন স্টোকস। কাল চট্টগ্রামে l প্রথম আলো
দিনের শুরুতে বল হাতে বাংলাদেশের দিকে যেন গোলা ছুড়েছেন। দলের প্রয়োজনে পরে ব্যাটটাকেও ঢাল বানিয়ে দাঁড়িয়ে গেলেন বেন স্টোকস। কাল চট্টগ্রামে l প্রথম আলো

বাংলাদেশের জল-হাওয়ার সঙ্গে ইংল্যান্ড দলের সবচেয়ে বেশি মানিয়ে নিয়েছেন বোধ হয় বেন স্টোকসই। সিরিজ-সেরা হয়েছেন ওয়ানডেতে। টেস্টেও স্বরূপে ইংলিশ অলরাউন্ডার। অসাধারণ বোলিংয়ে কাল সকালেই লেজ মুড়ে দিয়েছেন বাংলাদেশের। নিয়েছেন ২৬ রানে ৪ উইকেট। আবার ব্যাটিং বিপর্যয়েও দেয়াল হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের সামনে। স্টোকসের ৮৫ রানে সওয়ার হয়েই দিন শেষে ইংল্যান্ড লিড পেয়েছে ২৭৩ রানের।
এমনিতেই লিডটা অনেক বড় হয়ে গেছে বাংলাদেশের জন্য। তবে সেটি আরও ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চায় ইংল্যান্ড। আর সেটি করতে উইকেটে আছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। দুই পেসারের ব্যাটসম্যান বনে যাওয়ার দৃষ্টান্ত বড় পরিসরের ক্রিকেটে কম নেই। টেস্টে ১৬৯ রানের ইনিংস আছে ব্রডের, ২০১০ সালের আগস্টে লর্ডসে করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। ওকসের টেস্টে দুটি ফিফটি থাকলেও প্রথম শ্রেণিতে আছে ৯ সেঞ্চুরি ও ১৯ হাফ সেঞ্চুরি।
স্টোকসের আশা, দলকে ৩২০ রানের লিড এনে দিতে এই দুই পেসার আবারও জ্বলে উঠবেন আজ, ‘যদি লিড ৩০০, ৩১০ বা ৩২০ রান হয়, তাহলে দারুণ হবে। আমাদের ব্যাটিং লাইনআপ সত্যিই শক্তিশালী। ব্রডির তো নিজেরই টেস্টে সেঞ্চুরি আছে। প্রথম শ্রেণিতে ওকসের ৯-১০টা সেঞ্চুরি আছে। তারা যে এবারও পারবে না, আরেকটি ফিফটি করবে না, সেটি ভাবার কারণ নেই।’
দুই টেলএন্ডার যদি প্রত্যাশামতো লিড এনে দিতে পারেন, উইকেটের সহায়তা নিয়ে বাকি কাজটা বোলাররা ভালোভাবেই সারতে পারবেন বলে বিশ্বাস স্টোকসের, ‘অবশ্যই পরে উইকেট আরও স্পিনসহায়ক হবে। তাদের কিছু বাঁহাতি (ব্যাটসম্যান) থাকায় আমাদের ২ অফ স্পিনার নিয়ে কাজটা কঠিনই হবে। যদি আমরা ৩২০ করতে পারি, অসাধারণ হবে। তখন আশা করি ওদের আমরা অলআউট করতে পারব।’
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছে ইংলিশ টপ অর্ডার। তবে এবারও তাদের টেনে তুলেছেন লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। বিশেষ করে ষষ্ঠ উইকেটে জনি বেয়ারস্টো ও স্টোকসের ১২৭ রানের জুটি ইংল্যান্ডকে ফিরিয়েছে কক্ষপথে। চাপের মুখে কীভাবে তাঁরা ঘুরে দাঁড়ালেন সেই অভিজ্ঞতা বললেন স্টোকস, ‘আমরা শুধু ঘুরে দাঁড়াতে চেয়েছি। একটা ভালো জুটি গড়তে চেয়েছি। রান রেট ভালো রেখে অনেক রান তুলতে হবে, বিষয়টা এমন ছিল না। কাজটা হচ্ছে, ধীরলয়ে প্রান্ত বদল করতে হবে। এখানে ঝুঁকি নেওয়ার কিছু নেই। একই সঙ্গে বাজে বলের প্রাপ্যও মিটিয়ে দিতে হবে। জানতাম স্ট্রাইক রোটেট করতে থাকলে ব্যাটসম্যানদের ঘিরে থাকা ফিল্ডাররা সিঙ্গেল ঠেকাতে দূরে চলে যাবে। ৪ উইকেটে ৪০ (৪৬) থেকে এভাবেই ২৭০ (২৭৩) রান করে এগিয়ে গেছি।’