এভাবেই জিততে ভালো লাগে কোহলিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির উচ্ছ্বাসেই কালকের জয়ের অনন্যতা বোঝা যাচ্ছে। ছবি: এএফপি
কোহলির উচ্ছ্বাসেই কালকের জয়ের অনন্যতা বোঝা যাচ্ছে। ছবি: এএফপি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা দল দক্ষিণ আফ্রিকা। সেই দলকেই রীতিমতো নাকানি-চুবানি খাইয়ে সিরিজ জিতেছে ভারত। চার টেস্টের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। বেঙ্গালুরু টেস্ট বৃষ্টিতে ভেসে না গেলে দক্ষিণ আফ্রিকাকে হয়তো ধবলধোলাইও করতে পারত বিরাট কোহলিরা। প্রথম দুইটি জয়ই বেশ অনায়াসে এসেছে। শেষ টেস্ট জিততেই বরং একটু কষ্ট করতে হয়েছে। কোহলি জানাচ্ছেন অনায়াস পাওয়া জয়গুলো নয়, এই জয়টিই মনে ধরেছে তাঁর।

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজের শুরুতেই তাই চাপে ছিল ভারত। সিরিজকে সামনে রেখে তাই পিচগুলোকে স্পিনস্বর্গে রূপ দিয়েছিল স্বাগতিক দল। ফল, প্রতিটি ম্যাচেই খাবি খেয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। প্রথম দুটি জয়ই এসেছিল তিন দিনের মধ্যে। কেবল দিল্লি টেস্টই গড়িয়েছে শেষ দিন পর্যন্ত। একমাত্র এই টেস্টেই ভারতের জয় নিয়ে খানিকটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। অধিনায়ক হিসেবে এমন অনিশ্চয়তা ভালো লাগার কথা নয় কোহলির। যেকোনো দলই চায় সহজেই ম্যাচ জিততে। কিন্তু কোহলি জানাচ্ছেন উল্টো কথা। এমন উত্তেজনাময় ম্যাচ খেলতেই নাকি ভালো লাগে, ‘সব জয়ই দারুণ, কিন্তু এটি ছিল বিশেষ কিছু। কারণ এই জয়ের জন্য কষ্ট করতে হয়েছে বেশি। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা ম্যাচ ড্র করার জন্য খেলেছে, যা আমাদের কাজ বাড়িয়েছিল। আমি বোলারদের বলেছিলাম চেষ্টা চালিয়ে যেতে, চা-বিরতির পর তার ফলই পেয়েছি।’

চতুর্থ টেস্টটি ভারত জিতেছে ৩৩৭ রানে। কিন্তু রানের এই ব্যবধান বুঝতে দিচ্ছে না ম্যাচের আসল পরিস্থিতি। প্রায় দেড় দিন ধরে দক্ষিণ আফ্রিকা দল যেভাবে মাটি কামড়ে লড়াই করেছে, সেটি বুঝতে হলে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের স্কোরের দিকে তাকাতে হবে। ১৪৩.১ ওভারে ১৪৩ রান নিয়ে সফরকারী ম্যাচটি প্রায় ড্র-ই করে ফেলেছিল। টেস্টের শেষ সেশনেও ৫ উইকেট হাতে ছিল তাদের। কিন্তু মাত্র ২৬ বলের মধ্যে শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতেছে ভারত। কিন্তু তার আগে আমলা- ডি ভিলিয়ার্সদের এমন প্রতিরোধে অবাকই হয়েছেন কোহলি, ‘তাদের মানসিকতা, রক্ষণাত্মক ব্যাটিং আমাদের অবাক করেছিল। তবে বোলাররা ধৈর্য হারায়নি। তাঁরা যেভাবে বোলিং করেছে, তাতে গর্ব করা উচিত। টেস্ট ক্রিকেট তো আসলে এটাই... ধৈর্যের পরীক্ষা। এতে পুরো দলের পরীক্ষাটাও হয়ে যায়। আমার একার পক্ষে তো কিছুই করা সম্ভব হতো না, ১১ জনই এই কৃতিত্বের ভাগীদার।’

নিজেই বলছেন উত্তেজনা সৃষ্টি করে ম্যাচ জিততে ভালো লাগে, আবার সিরিজের প্রতিটি ম্যাচেই স্পিনারদের সাহায্যে একতরফা ম্যাচ খেলেছেন। একটু বিপরীতমুখী কথাবার্তা মনে হতেই পারে। কিন্তু কোহলি ভারতীয় পেসারদের নিয়ে যা বলেছেন, তাতে বিস্ময়ের মাত্রা আরেকটু বাড়বে। কোহলি যে বলছেন পেসারদের ওপরও আস্থা রাখতে, ‘আমাদের এমন কিছু বোলার আছে, যারা দারুণ গতিতে বল করতে পারে। আমাদের উচিত যে মাঠেই খেলা হোক না কেন, তাদের সমর্থন দিয়ে যাওয়া। তাদের আত্মবিশ্বাস জোগাতে পারলেই ভালো করে, আজ যেমন করেছে।’

প্রতিপক্ষকে স্পিন বিষে নীল করে একতরফা সিরিজ জিতেছেন, আবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাও দেখতে চাচ্ছেন। সিরিজের দুটি টেস্টে খেলেছেন কেবল একজন পেসার নিয়ে। সিরিজ শেষ হওয়ার পর আবার বলছেন পেসারদের বেশি করে সুযোগ দেওয়ার কথাও। নাহ, চমক তো ভালোই দেখাচ্ছেন কোহলি! সূত্র: পিটিআই।