এভাবেও ফিরে আসা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত সেঞ্চুরির পর স্টিভ স্মিথ। ছবি: এএফপি
দুর্দান্ত সেঞ্চুরির পর স্টিভ স্মিথ। ছবি: এএফপি
>

এজবাস্টন টেস্টের প্রথম দিনে অসাধারণ এক ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। সেঞ্চুরি করে চরম বিপর্যয় থেকে বাঁচিয়েছেন অস্ট্রেলিয়াকে। ১৪৪ রানের ইনিংসটি দিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ফেরা রাঙিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক

‘নার্ভাস নাইন্টিজ’-এ পৌঁছে একটু সাবধানে খেলাই স্বাভাবিক। শেষ উইকেট জুটি হলে তো কথাই নেই। দলের ইনিংস যত দূর সম্ভব এগিয়ে নিতে হয়। কিন্তু স্টিভ স্মিথ অন্য ধাতুতে গড়া মানুষ। মঈন আলীকে ‘কাউ কর্নার’ দিয়ে ছক্কা মেরে পৌঁছে গেলেন ৯৮ রানে। এরপর ১ রান নিয়ে প্রান্তও বদল করলেন। নাথান লায়ন এগারোতম ব্যাটসম্যান হলেও ওভারটি কোনোভাবে শেষ করায় সুযোগটা পেয়ে যান স্মিথ। পরের ওভারে বেন স্টোকসকে কভার ড্রাইভে বাউন্ডারি মেরে পৌঁছে যান তিন অঙ্কে। আকাশের পানে কয়েক মুহূর্ত তাকিয়ে বেশ বড় করে শ্বাস ছাড়লেন। যেন বোঝাতে চাইলেন, এ সময়টুকুর জন্যই তো এত অপেক্ষা!

প্রতিকূল গ্যালারি, বেশ কঠিন উইকেট, চরম ব্যাটিং বিপর্যয়—টেস্ট ক্রিকেটে ফেরার ইনিংসে এসবের মুখোমুখি হতে হয়েছে স্মিথকে। এজবাস্টন টেস্টের প্রথম দিনে ১২২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। স্মিথ একপাশ আগলে উইলো দিয়ে লিখেছেন ১৪৪ রানের ‘মহাকাব্য’—অবশ্যই লেজের দুই বোলার পিটার সিডল (৪৪) ও লায়নের (১২) সাহায্য নিয়ে। এতে অস্ট্রেলিয়াও প্রথম ইনিংসে ২৮৪ রান তুলে এগিয়ে গেছে মানসিকভাবে। ১২২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা দলটাকে কোথায় নিয়ে গেলেন স্মিথ! নবম উইকেটে ৮৮ আর শেষ উইকেট জুটিতে ৭৪ রান যোগ করে ইংলিশদের ধৈর্যের চরম পরীক্ষা নিয়েছে অস্ট্রেলিয়া। ৪৪ ওভারে ৮ উইকেট ফেলে দেওয়ার পর আরও ৩৭ ওভার বল কে করতে চায়!

টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সব ‘কামব্যাক’-এর নজির আছে। স্মিথের ফেরা সেসব ‘কামব্যাক’-এর মধ্যেও আলাদা মর্যাদা পাবে। গত বছর মার্চে কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়ানোর অপরাধে ১২ মাস নিষিদ্ধ ছিলেন। তখন তাঁকে দেখতে হয়েছে জীবনের উল্টো পিঠ। চারপাশ থেকে ধেয়ে এসেছে সমালোচনা, ধিক্কার। নিজেকে শোধরাতে অংশ নিতে হয়েছে সামাজিক কাজে। প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ হয়নি। ছাড়তে চেয়েছিলেন ক্রিকেটও!

গত বিপিএলে কনুইয়ে চোট পাওয়ায় অস্ত্রোপচারের পর ভীষণ বাজে সময় কেটেছে তাঁর। তখন ভাবনাটা পেয়ে বসেছিল। কিন্তু হাতের ব্যান্ডেজ খোলার পর ফিরে আসে খেলার প্রতি ভালোবাসাটুকু। ওয়ানডেতে তো আগেই ফিরেছেন। আর টেস্টে ফিরলেন এমন এক মঞ্চে, সবশেষবার যেখানে শেষ করেছিলেন, এবার যেন সেখান থেকেই শুরু করলেন! গত অ্যাশেজে মোট সাত ইনিংসে ৬৮৭ রান করেছিলেন স্মিথ। এবার ফিরেই খেললেন অ্যাশেজের ইতিহাসে তো বটেই, তাঁর ক্যারিয়ারেরই অন্যতম সেরা ইনিংস। ২৪তম সেঞ্চুরিকে এ মর্যাদাই দিচ্ছেন স্মিথ, ‘এটা আমার অন্যতম সেরা ইনিংস।’

অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট যখন পড়ল, স্মিথ অন্য প্রান্তে ৪২ রানে অপরাজিত। সেখান থেকেই সিডলের সঙ্গে ১৪০ বলের জুটি। শেষ ব্যাটসম্যান লায়নকে পেয়েও ভাবেননি সব শেষ। এ দুটি জুটিতে উঠেছে মোট ১৬২ রান, যেখানে স্মিথের একার অবদানই ১০২! অসামান্য ইনিংসটি খেলার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। তিন সপ্তাহ ধরে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচদের ভীষণ ব্যস্ত রেখেছেন স্মিথ। সকাল নেই, সন্ধ্যা নেই নেট অনুশীলনে নিজেকে শাণ দিয়েছেন বারবার। বল ছোড়ার ধকল সামলাতে হয়েছে ব্যাটিং কোচ গ্রায়েম হিককে।

প্রথম দিনের খেলা শেষে ফেলে আসা কঠিন সময়ের কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক, ‘গত ১৫ মাসে এমন সময় কেটেছে, যখন আমি জানতাম না আর কখনো খেলতে পারব কি না। খেলার প্রতি একপর্যায়ে ভালোবাসা হারিয়ে ফেলেছিলাম। বিশেষ করে কনুইয়ে অস্ত্রোপচারের সময়। আর ব্যাপারটা বেশ অদ্ভুত। যেদিন ব্যান্ডেজ খুললাম, সেদিন খেলার প্রতি আবার ভালোবাসা ফিরল। জানি না এটা কী ছিল, হয়তো একধরনের তাড়না। আবার খেলতে চাই, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই।’

অ্যাশেজে এমন প্রথম দিন শেষ কবে দেখা গেছে, সেটি গবেষণার বিষয়। মাঠে দুই দলই হাড্ডাহাড্ডি লড়েছে, দুয়োধ্বনি আর সিরিশ কাগজ নিয়ে গ্যালারি থেকে প্রভাব রাখার চেষ্টা করেছেন দর্শকও। আর এমন মঞ্চে অসামান্য সেঞ্চুরি করে স্মিথ শুধু নিজের ফেরা রাঙানো নয়, দলের বিপদও এড়িয়েছেন। বিশ্লেষকদের মতে, স্মিথের ইনিংসটাই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। এখনই অবশ্য কিছু বলা যাচ্ছে না। বিনা উইকেটে ১০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড।

তবে স্মিথকে নিয়ে প্রশংসা ছুটছেই। ভিভিএস লক্ষ্মণ থেকে গ্যারি লিনেকার পর্যন্ত টুইট করেছেন স্মিথের প্রশংসা করে। তবে প্রতিকূল কন্ডিশনে ও চাপের মধ্যে স্মিথ কতটা ভালো খেলেছেন, তা বুঝিয়ে দেবে মাইকেল ভনের টুইট, ‘৮ উইকেটে ১২২ থেকে তিন ঘণ্টা পর সব খেলোয়াড় বাউন্ডারি সীমানায়, টেস্ট ক্রিকেট এ জন্যই সেরা সংস্করণ।’