এভাবেও হারা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভাবেও তাহলে হারা যায়! আরও একবার টেস্ট ক্রিকেট প্রমাণ করল তার শ্রেষ্ঠত্ব। ক্রিকেটের সব রোমাঞ্চ দেখা দিল বেসিন রিজার্ভের শেষ দিনে। চার দিন প্রাধান্য বিস্তার করেও ওয়েলিংটন টেস্টে হেরে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের জয়টা এসেছে ৭ উইকেটে।

আজ শেষ দিনে বেসিন রিজার্ভের গ্যালারি উন্মুক্ত করে দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট। স্থানীয় দর্শকেরা তাই হাজির হয়েছিলেন দলে দলে। সমর্থকেরা নিজেরাও ভাবতে পারেননি কী দুর্দান্ত উপহার অপেক্ষা করছে তাঁদের জন্য। চতুর্থ দিন শেষেও যে টেস্ট ড্র হবে বলে মনে হচ্ছিল, সেটিই জিতে গেল স্বাগতিক দল।

হারার আগেই তো হেরে গেল বাংলাদেশ। চা-বিরতির আগেও লড়াইয়ের চেষ্টা ছিল বাংলাদেশের মাঝে। কেন উইলিয়ামসন ও রস টেলরের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আত্মবিশ্বাসটা উড়ে গেল কর্পূরের মতো। বোলাররা ভুলে গেলেন লাইন-লেংথ, হারিয়ে ফেললেন তাড়না, ফিল্ডাররা নুইয়ে পড়লেন হতাশায়, কারও কণ্ঠে পাওয়া গেল না উৎসাহ-বাণী। ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছিল, ম্যাচের গতি-প্রকৃতি যেন বিশ্বাসই হচ্ছে না তাদের।

উইলিয়ামসন-টেলর অসাধারণ ব্যাটিং করেছেন, এটি সত্যি, কিন্তু তাই বলে এমন করে হাল ছেড়ে দেওয়া! দুই সতীর্থের চোট-দুর্ভাগ্য আর অবিশ্বাস্য ব্যাটিং-ব্যর্থতা যেন ভূতের মতো চেপে বসেছিল বাংলাদেশের কাঁধে। দলের সেরা ফিল্ডারকে দাঁড়াতে হলো উইকেটের পেছনে, এক ম্যাচে তৃতীয় উইকেটকিপার হলের সাব্বির রহমান। দলের ফিল্ডিংটাও কেন যেন পথ হারাল। আর সে সুযোগে কাল বিকেলেও যেটা অসম্ভব বলে মনে হচ্ছিল, সেটাই করে দেখাল নিউজিল্যান্ড। জয়টা তুলে নিল তারা অনায়াসেই।

চোটগ্রস্ত ইমরুল কায়েসের (৩৬*) সাহসিকতা আর সাব্বিরের (৫০) দৃঢ়তার পরও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রান করতে পেরেছে বাংলাদেশ। ৫৭ ওভারে ২১৭ রানের লক্ষ্যে নেমে টম ল্যাথাম প্রথমেই ইঙ্গিত দিয়ে দিলেন ম্যাচটা জেতার জন্যই খেলছেন তাঁরা। ৩৯ রানের মধ্যে মেহেদী হাসান মিরাজ দুই ওপেনারকে ফিরিয়ে দিলেও ঘাবড়ে যায়নি নিউজিল্যান্ড। পাল্টা আক্রমণটা এমনই হলো যে বাংলাদেশ ভুলে গেল নিজেদের সব পরিকল্পনাই!

টেস্টের পঞ্চম দিনে মাত্র ৩৯.৪ ওভারে ২১৭ রান করে জয়টা তুলে নিল নিউজিল্যান্ড! এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশের বোলারদের ওপর কেমন চড়াও হয়েছিলেন উইলিমসন-টেলর। বাংলাদেশকে স্বস্তি দিয়ে মিরাজের দারুণ এক ক্যাচ হয়ে টেলর না ফিরলে ম্যাচটা এ দুজনই শেষ করে আসতে পারতেন। তবে নিজের কাজটা শেষ করে এসেছেন উইলিয়ামসন। ৯০ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে আসেন কিউই-অধিনায়ক।

টেস্টের প্রথম ইনিংসে অসংখ্য রেকর্ড নতুন করে লিখেছে বাংলাদেশ। ম্যাচটা শেষ হতে হতে আজ লেখা হলো এমন আরও কিছু রেকর্ড। সাকিব আল হাসান সপ্তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির পাশাপাশি আউট হয়েছেন শূন্য রানে। ৯ বছর পর নিউজিল্যান্ড ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিতল। নিউজিল্যান্ডের সর্বশেষ দুই শ বা এর চেয়ে রান তাড়ার ঘটনাটিও ছিল বাংলাদেশের বিপক্ষে!

প্রথম ​ইনিংনে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেও এই হার বাংলাদেশকে দুঃখ দেবে। টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ডটি ১২২ বছরের পুরোনো। ১৮৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৬ রান করেও হেরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তখন ছিল ‘টাইমলেস’ টেস্টের যুগ, সাত দিন ধরে চলেছিল সে টেস্ট। তবে পাঁচ দিনের টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি—৫৭৪ রান করেও হারের রেকর্ডটি ছিল পাকিস্তানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নের সে টেস্ট পাকিস্তান হেরেছিল ৯২ রানে। ১৯৭২-৭৩ সাল থেকে ঘাড়ে চেপে বসা সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি থেকে পাকিস্তানের আজ মুক্তি মিলল।