এমন অবিশ্বাস্য 'স্লেজিং'ও হতো ক্রিকেটে

স্লেজিং যেন আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। কোনো ব্যাটসম্যান সেঞ্চুরির কাছাকাছি চলে গেলে তো কথাই নেই। নার্ভাস নাইনটিতে থাকা ওই ব্যাটসম্যানকে আরও কত নার্ভাস করা যায়, চারদিকের ফিল্ডাররা সেই চেষ্টাই করতে থাকেন। কিন্তু সুনিল গাভাস্কারের সঙ্গে তাঁর অভিষেক সিরিজে হয়েছে ঠিক এর উল্টোটা। সেঞ্চুরির কাছে পৌঁছানো গাভাস্কার তিন অংকে পৌঁছান, এটাই চেয়েছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়েরা।
এর জন্য গাভাস্কারকে সামলে খেলারও পরামর্শ দিয়েছিলেন তাঁর কাছাকাছি ফিল্ডিংয়ে দাঁড়ানো ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান রোহান কানহাই। নব্বইয়ের ঘরে থাকার সময় হঠাৎই মনোযোগ হারিয়ে ফেলেছিলেন গাভাস্কার। খেলে ফেলেছিলেন একটি বাজে শট। রোহান কানহাই গাভাস্কারের কাছে এসেছিলেন সেই সময় আর বলেছিলেন, 'মনোযোগ দাও, ১০০ করতে চাও না!'
ঘটনা ১৯৭১ সালের। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেবার ৫টি টেস্ট খেলেছিল ভারত। পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে অভিষেক হয় গাভাস্কারের। সেই ম্যাচে দুই ইনিংসেই করেছিলেন ফিফটি। পরের ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। কিন্তু সেই সেঞ্চুরি পাওয়ার আগে মাঠে যা ঘটেছিল সেটা এখনো অবিশ্বাস্য লাগে ভারতীয় কিংবদন্তির কাছে!
বাজে শটটি খেলার পর কানহাই হেঁটে হেসে গাভাস্কার যা বলেছিলেন সেটা অবাকই হয়েছিলেন তিনি। ওই সিরিজে আরও দুটি সেঞ্চুরি পেয়েছিলেন গাভাস্কার। পোর্ট স্পেনে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও। ভারত সিরিজটি জিতেছিল ১-০ ব্যবধানে। তবে ওই সিরিজে বারবারই কানহাই গাভাস্কারকে একইভাবে সতর্ক করে গেছেন।
৪৯ বছর আগের সেই ঘটনা এখনো ভুলতে পারেননি ভারতীয় ক্রিকেট কিংবদন্তি, 'আমার অভিষেক সিরিজে আমি কোনো বাজে শট খেললেই সে এসে আমার কানের কাছে বলে যেত “মনোযোগ দাও! তুমি কি ১০০ করতে চাও না? হয়েছেটা কী তোমার?” সে আমার প্রতিপক্ষ ছিল। কিন্তু সে আমাকে স্লেজিং করেনি। সত্যিই সে চেয়েছিল আমি যেন সেঞ্চুরি পাই। অবিশ্বাস্য!'