এমন অভাগা কেন মিসবাহ?

ইমরান তাহিরের বলটি মিড উইকেটে ঠেলে দিয়েই জায়ান্ট স্ক্রিনের দিকে তাকালেন মিসবাহ উল হক। সেখানে এক দিনের ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় অভিনন্দন জানানো হচ্ছিল তাঁকে। ছোট্ট একটা নিঃশ্বাসও ফেললেন তিনি। সেই নিঃশ্বাসে থাকল প্রাপ্তির গৌরব, সেই সঙ্গে না পাওয়ার বেদনাও। পাঁচ হাজার রানের অনন্য মাইলফলকটা ছুঁয়ে ফেললেন তিনি, অথচ করতে পারলেন না একটা সেঞ্চুরিও। এমন দুর্ভাগ্য কারও হয় নাকি! ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অভাগা ব্যাটসম্যান কি তাহলে তিনি?
ব্যাপারটা নিয়ে আলোচনা হতেই পারে। মিসবাহর তিন অঙ্ক ছুঁতে না পারার জুজুটা আসলে কী! ১৬০টি এক দিনের ম্যাচে ১৪৭টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেছেন। পঞ্চাশোর্ধ সংগ্রহ আছে তাঁর ৪২টি, অথচ একটাও সেঞ্চুরি নেই! ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ‘ক্যারিয়ার-সেরা’ সংগ্রহটিই তো পীড়া দিয়ে যায় নিরন্তর। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতেই যে শেষ হয়ে গিয়েছিল দলের ইনিংস! সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থেকে ‘নট আউট’ তকমাটিকেও ভীষণ অসহ্য মনে হয়। মিসবাহকে এমন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে বেশ ক’বারই।
ক্যারিয়ার-গড় তাঁর ৪৩-এর ওপরে। বেশ অনেক দিন ধরেই পাকিস্তানের অবিসংবাদিত সেরা ব্যাটসম্যানের পরিচিতিটা তাঁরই। এবারের বিশ্বকাপেও এক হাতেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন পাকিস্তান দলের ব্যাটিংয়ের। একটা সময় কিছুটা ধীরলয়ের ব্যাটিয়ের ‘বদনাম’ হয়তো ছিল, কিন্তু এখন তিনি নিজেকে বদলে ফেলেছেন অসাধারণ ঢঙেই। তার পরও এক দিনের ক্রিকেটে একটা সেঞ্চুরি না আসাটা মিসবাহর জন্য অসম্ভব অস্বস্তিরই।
এক দিনের ক্রিকেটে মিসবাহর সেঞ্চুরি না পাওয়ার দুঃখটা আরও বাড়িয়েছে তাঁর সাম্প্রতিক এক পারফরম্যান্স। গত নভেম্বরে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫৬ বলে টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ভিভ রিচার্ডসের দ্রুততম টেস্ট সেঞ্চুরির সঙ্গে ব্র্যাকেটবন্দী হওয়ার ব্যাপারটি তাঁর দুঃখ যেন আরও বাড়িয়েছে। এক দিনের ক্রিকেটে নিজে রেকর্ড দেখে স্বগতোক্তিই হয়তো করে ওঠেন তিনি—এত অভাগা কেন আমি? সূত্র: এএফপি।