এমন অভিষেক ভুলে যেতে চাইবেন তানভীর

যত দ্রুত দৃশ্যপটে এসেছেন, তার চেয়েও দ্রুততায় যেন জাতীয় দলে অভিষেকও হয়ে গেল। গত কিছুদিন ধরে যেন স্বপ্নের ঘোরে ছিলেন। তবে আজ বাস্তবের জমিনে নেমে এলেন তানভীর হায়দার। পারলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার দিনটা ভুলেই যেতে চাইবেন তানভীর। নিউজিল্যান্ডের সঙ্গে বাজে তো খেলেছেনই, জুটেছে আইসিসির তিরস্কারও!
১৯তম ওভারে তানভীরের বলটা বাউন্ডারি মেরেছিলেন নিল ব্রুম। কিউই ব্যাটসম্যানের মারের প্রতিক্রিয়ায় বাংলাদেশের লেগি যেটি করেছেন, সেটি স্পষ্ট আইসিসির আচরণবিধি লঙ্ঘন। আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.১.৪ ধারা ভেঙেছেন তানভীর। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে বাজে ভাষা অথবা অশ্লীল অঙ্গভঙ্গি, কারও ওপর আক্রমণাত্মক কিংবা অপমানজক কিছু বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে।
ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে অভিযোগ স্বীকার করে নেওয়ায় তানভীরকে ভর্ৎসনা করেই ছেড়ে দেওয়া হয়েছে। কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বাংলাদেশের অভিষিক্ত লেগ স্পিনারের পাশে যোগ হয়েছে একটি ‘ডিমেরিট’ পয়েন্ট। আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো খেলোয়াড় ৪ ডিমেরিট পেলে সেটি রূপান্তরিত হবে ২ নিষেধাজ্ঞা পয়েন্টে। এতে ১ টেস্ট কিংবা ২ ওয়ানডে বা ২টি টি-টোয়েন্টি নিষিদ্ধ হতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে।
বোলিংয়ে ধারহীন, ব্যাটিংয়ে ব্যর্থ; তার ওপর দলের এমন পরাজয়—শেষটা হলো তিরস্কারে! এমন অভিষেক নিশ্চয়ই চাননি তানভীর!