এমন আবাহনী-মোহামেডান লড়াই-ই তো চাই!

ফতুল্লার শীত শীত দিনটায় অন্য রকম এক লড়াইয়ের উত্তাপ জমাল দেশের ক্রীড়াঙ্গনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী৷ আবাহনী-মোহামেডান দ্বৈরথ ঠিক আগের মতো জমে না৷ মাঠের বাইরে আঁচটা না থাকলে মাঠের উত্তাপটাও মোমবাতির মরাটে আলোর মতো হয়ে যায়৷ কিন্তু আজ হাতে গোনা যে গুটিকয় দর্শক খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন, তাঁদের পয়সা পুরো উসুল৷ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগের সুপার ম্যাচে মাত্র দুই বল বাকি থাকতে ৩ উইকেটে জিতেছে আবাহনী৷
বৃথা গেল আরিফুল হকের দারুণ লড়াকু এক সেঞ্চুরি৷ ১৩৭ বলে ১১ চার ও এক ছক্কায় ১০৯ রান করা আরিফুলকে বিদায় করা নাসির হোসেনই আবাহনীর জয়ের নায়ক৷ বারবার স্নায়ুর পরীক্ষা নেওয়া রান তাড়া করা ম্যাচে ৬৯ বলে পাঁচটি করে চার-ছক্কায় অপরাজিত ৮২ রানের ইনিংসে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ এক জয় এনে দিয়ে জাতীয় দলে ফেরার দাবিটা আরও উজ্জ্বল করে তুললেন নাসির৷
অধিনায়ক মাশরাফির দারুণ এক ওভারে মোহামেডান নিজেদের দিকেই ঝুলে নিয়েছিল ম্যাচটা৷ শেষ পাঁচ ওভারে ৪৪ রান দরকার ছিল৷ এমন সময় বল হাতে মাশরাফি মাত্র দুই রান দিয়ে তুলে নেন এক উইকেট৷ কিন্তু প্রায় নাসিরের কাঁধে সওয়ার হয়েই ৪ ওভারে ৪২ রানের কঠিন লক্ষ্যটা ছুঁয়ে ফেলে আবাহনী৷ তিনে নামা ফরহাদ হোসেনের ৫৯ রানের ইনিংসটাও আবাহনীর জয়ে রাখে বড় ভূমিকা৷ তৃতীয় উইকেটে রকিবুলকে নিয়ে ৭৮ রানের জুটিও গড়েছিলেন তিনি৷ এই জুটি ভাঙার পরই নামেন নাসির৷ জয় তখনো ছিল ১৩০ রানের দূরত্বে৷
চামারা সিলভার সঙ্গে পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে ভালোমতোই ধরে রাখেন নাসির৷ তবে আসল কাজটি করে দেয় সপ্তম উইকেটে জিয়ার সঙ্গে তাঁর ২১ বলে ৩৬ রানের জুটিটাই৷ ৪২ রানে ৩ উইকেট নিয়ে মাশরাফি চেষ্টা করেছিলেন৷ কিন্তু দিনটা যে ছিল নাসিরের৷
ব্যাট হাতেও মাশরাফি ৩৮ রানের দরকারি এক ইনিংস খেলেছেন৷ শুভাশিস রায়ের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারায় মোহামেডান৷ আরিফুলের সেঞ্চুরির পাশাপাশি নাঈম ইসলামের ৫১ আর মাশরাফির ইনিংসটাই ২৪০ রানের পুঁজি এনে দিয়েছিল মোহামেডানকে৷